Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পহেলগাঁও ইস্যু: কড়া প্রতিক্রিয়া দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন সর্বস্তরের মানুষেরা। বিভিন্ন দেশও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে

পহেলগাঁও ইস্যু: কড়া প্রতিক্রিয়া দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ
  • ২৬ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন সর্বস্তরের মানুষেরা। বিভিন্ন দেশও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। এবার পহেলগাঁও ইস্যুতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এই হামলার জন্য দায়ী ও তাতে মদত দেওয়া ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।

Advertisement

এই বিষয়ে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের হয়ে একটি বিবৃতি জারি করেছে সভাপতি দেশ ফ্রান্স। তাতে জানানো হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, সাহায্যকারী তাদের জবাবদিহি করতেই হবে। অভিযুক্তদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নের জন্য দায়ী এই সন্ত্রাসবাদই। যে কোনও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড আদতে অপরাধমূলক এবং অযৌক্তিক। আন্তর্জাতিক আইন সহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে সমস্ত রাষ্ট্রকেই বলব এই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নিতে।’ 

একই সঙ্গে পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। চলতি মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদে রয়েছে ফ্রান্স। তাই বাকি ১৫টি সদস্য দেশের মতামত নিয়েই এই বিবৃতি জারি করেন তাঁরা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ জন ভারতীয় ও ১ নেপালের বাসিন্দার। জখম হয়েছেন অনেকে। নিরাপত্তা পরিষদের সদস্যরা নিহতদের পরিবার এবং ভারত সরকার ও নেপাল সরকারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছে। জখমদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ