পুনে: পহেলগাঁও হামলার পর কেটে গিয়েছে ১০ মাস। গত বছরের ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে অন্য পর্যটকদের মতো ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন পুনের সন্তোষ জাগদালেও। তারপর থেকে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে নিহতের পরিবার। তাঁর প্রাপ্তবয়স্ক মেয়ে আশাওয়ারিকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু ওটুকুই। কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি পূরণই হয়নি। এজন্য রীতিমতো হতাশ আশাওয়ারি। রাজ্যের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আশাওয়ারি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন বাবা। তাঁর মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার উপর সরকারও আমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। মুখ্যমন্ত্রীর সচিবালয় আর যোগাযোগও করেনি। তাঁর কথায়, ‘রাজনৈতিক নেতাদের কাজই হল মিথ্যা আশ্বাস দিয়ে সময় কেনা। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। জঙ্গিদের হাতে বাবার মৃত্যুর পর স্বয়ং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আমাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ আমরা হতাশ।’ তাঁর এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি বলেন, আমি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা বলব। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও বিষয়টি তুলে ধরব। ফড়নবিশের কাছে আশাওয়ারির চাকরি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা নবনাথ বানও।



