নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: উত্তরবঙ্গের পাহাড় ও তরাইয়ে সচিত্র ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন পাঁচ লক্ষাধিক ভোটার। অন্যদিকে, গৌড়বঙ্গের তিন জেলা থেকে এই সংখ্যাটা চার লক্ষাধিক। বাদপড়া ভোটারের সংখ্যা জলপাইগুড়ি জেলায় সর্বাধিক, প্রায় ১ লক্ষ ৩৩ হাজার। এসআইআর পর্ব মিটতেই শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে মিলেছে এমনই তথ্য। উত্তরের আট জেলায় ম্যাপিংহীন ভোটারের সংখ্যা কয়েক লক্ষ। তাঁদেরকে নির্বাচন কমিশনের হেয়ারিংয়ের মুখোমুখি হতে হবে। সন্দেহজনক ভোটারদের ছবি ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। সমগ্র পরিস্থিতি নিয়ে উত্তরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
প্রায় একমাসের ‘জার্নি’। গত ৪ নভেম্বর সূচনা হয় এসআইআর পর্ব। যা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এরপরই নির্বাচন কমিশন সূত্রে চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভোটার সংখ্যা প্রায় ৭২ লক্ষ ২৪ হাজার ১৬ জন। ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন ৪ লক্ষ ৮২ হাজার জন। সেক্ষেত্রে প্রথমস্থানে বাংলাদেশ সীমান্তবর্তী তিস্তাপাড়ের জলপাইগুড়ি জেলা। এখানকার সাতটি বিধানসভা কেন্দ্রের ভোটার ১৯ লক্ষ ১৪ হাজার ২২। এরমধ্যে ভোটার তালিকা থেকে বাদ যাতে পারে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার ৯১ জনের নাম।
এক্ষেত্রে দ্বিতীয় স্থানে দার্জিলিং জেলা। নেপাল, বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলা পাহাড় ও সমতলভাগ নিয়ে গঠিত। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোটার ১২ লক্ষ ৯২ হাজার ৮৫৭। প্রশাসন সূত্রে খবর, জেলায় তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় ১ লক্ষ ২৩ হাজার জন। জেলায় এমন ভোটারের সংখ্যা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে সর্বাধিক, যা ৩১ হাজার। এই কেন্দ্র বিজেপির কব্জায়। এরবাইরে মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে ২৮ হাজার, দার্জিলিংয়ে ২৬ হাজার, কার্শিয়াং ও ফাঁসিদেওয়ায় ১৮ হাজার করে নাম বাদ যেতে পারে।
তোর্সাপাড়ের কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯। এরমধ্যে তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা ১ লক্ষ ১৩ হাজার ৩৩৫ জন ভোটারের নাম। ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলায় ১২ লক্ষ ৯৯ হাজার ৪৮৬ ভোটারের মধ্যে ৯৫ হাজার ২৬৭ জন এবং কালিম্পংয়ে ২ লক্ষ ২৬ হাজার ৮৬২ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৩০০ জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। সংশ্লিষ্ট তালিকায় মৃত ভোটারের সংখ্যাই বেশি। এছাড়া, নিখোঁজ ও স্থানান্তরিত ভোটারের নাম রয়েছে।
অন্যদিকে, গৌড়বঙ্গের উত্তর দিনাজপুরে ভোটার ২৩ লক্ষ ১৯ হাজার ৮৯০। এরমধ্যে মৃত প্রায় ৭০ হাজার এবং ৯২ হাজার ভোটার সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিবশী দক্ষিণ দিনাজপুর জেলায় বাদ যেতে পারে ৭৫ হাজার ভোটার। মালদহের মোট ভোটার ৩২ লক্ষ। প্রায় একলক্ষ মৃত ভোটারের নাম উঠে এসেছে। প্রয়োজনীয় নথি না থাকায় বাদ যেতে পারে আরও প্রায় একলক্ষ ভোটারের নাম।