নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আড়াইশোর বেশি বাজার চলতি ওষুধকে নিম্নমানের বলে চিহ্নিত করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সে কথা জানিয়ে দেশের সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিল তারা। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যদপ্তরের ড্রাগ অ্যালার্টের মাধ্যমে ক্রেতা, খুচরো, পাইকারি বিক্রেতা, ওষুধ কোম্পানি সংশ্লিষ্ট সমস্ত মহলকে সতর্ক করেছে। পাশাপাশি সুনির্দিষ্ট ব্যাচের বিভিন্ন কোম্পানির সবশুদ্ধ ২৫৪টি ওষুধ অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই ২৫৪টি ওষুধের মধ্যে ২৫২টি ওষুধ নিম্নমানের। বাকি দু’টি ওষুধ ভেজাল বা জাল গোত্রের। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। এদিকে একের পর এক ওষুধ সম্পর্কে সতর্কতা জারি হওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাঁদের সাফ কথা, বাজারে চলে আসার পর ওষুধ সম্পর্কে সতর্ক করে লাভটা কী হবে? ওষুধ ধরতে হলে উৎপাদনের জায়গায় ধরুক। খুচরো এবং পাইকারি দোকানে ওষুধ চলে আসার পর অনেকেই সেই ওষুধ ব্যবহার করেন। ফলে যা ক্ষতি হওয়ার হয়েই যায়।



