নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আগে রাজ্যের সমস্ত পুরসভা এবং উন্নয়ন পর্ষদের প্রস্তুতি নিয়ে শুক্রবার পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা মেরামতি, আলো, পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থা, গঙ্গার ঘাটের নিরাপত্তা এবং সরকারি কর্মীদের বেতন ও বকেয়া মেটানোর মতো বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক পুরসভায় দলের ক্যাডার ঢুকিয়ে দিয়ে গিয়েছে পূর্বতন শাসক দল। আমরা পরে ঝাড়াই-বাছাই করব। কিন্তু পুজোর সময় সবার মুখে হাসি ফুটুক। তাই সবার বকেয়া বেতন দ্রুত মেটানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। এর জন্য প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানাতে পারবে পুরসভাগুলি।’
এদিন রাজ্যের ১২৪টি পুরসভার ৩৩৪৯টি রাস্তার জন্য মোট ৮৫১.৭৯ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। এছাড়া ১১টি উন্নয়ন পর্ষদের অধীন ১০৬টি রাস্তার জন্য ৭২.২৯ কোটি টাকা এবং কেএমডিএ ও এনকেডিএ-র মাধ্যমে আরও ২১টি রাস্তা মেরামতির জন্য ৪৪.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮ জনের। বর্তমানে হাসপতালে ভরতি রয়েছেন ২১০ জন। অকারণে আতঙ্ক না ছড়ানোর আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, মেট্রো স্টেশন, বিমানবন্দর, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ যাতায়াতের কেন্দ্রগুলিতে পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং দুর্গাপুজোর স্বাগত ফলক স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।



