Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অটো-টোটোর বিরুদ্ধে ব্যবস্থার দাবি, বেতাই-পলাশী রুটে ৩ দিন বন্ধ বাস চলাচল

অটো-টোটোর বিরুদ্ধে ব্যবস্থার দাবি, বেতাই-পলাশী রুটে ৩ দিন বন্ধ বাস চলাচল
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: সোমবার থেকে পরপর তিনদিন পুরোপুরি বাস চলাচল বন্ধ থাকল বেতাই-পলাশী রুটে। তিনদিন ধরে রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে  অটো-টোটো। অথচ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগে তুলে বুধবার সরব হয়েছে বাস মালিক সমিতি। পরিবহণ দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তারা। বাস না চলায় সবথেকে বেশি ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বুধবার তেহট্ট-২ ব্লক অফিসে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করেন বিডিও ধ্রুবাঙ্কুর ঠাকুর। সেখানেই রাজ্য সড়কে টোটো-অটো চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাস মালিক সমিতি। যদিও এদিন তারা কবে থেকে বাস চলাচল স্বাভাবিক করবে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি।
Advertisement
প্রসঙ্গত, গত রবিবার পলাশীপাড়া বাসস্ট্যান্ডের সামনে যাত্রী তোলা নিয়ে টোটো চালকদের সঙ্গে বাস কর্মীদের বচসা বাধে। ক্রমে তা হাতাহাতিতে পৌঁছে যায়। থানায় দু’পক্ষই অভিযোগ জানায়। গ্রেপ্তার হয় এক বাসকর্মী। এরপরেই সোমবার থেকে বাস পরিষেবা বন্ধ করে দেয় কর্মীরা। 
বাস মালিক সমিতি সূত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া বাসস্ট্যান্ডের সামনে দিয়ে গিয়েছে বেতাই-পলাশী রাজ্য সড়ক। বাসস্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কে থাকে অটো ও টোটোর ভিড়। এই কারণে তৈরি হয় যানজট। বাস থাকলেও অটো-টোটো যাত্রী তুলে নিয়ে চলে যায়। এতে বাসকর্মী ও টোটো-অটো চালকদের মধ্যে বিবাদ তৈরি হয়। যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। এই সমস্যার জন্য মাঝে মাঝে বাস চলাচল বন্ধ করে দেন বাসকর্মীরা। প্রশাসন বারবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ব্যবস্থা না নেওয়ার ফলে অটো-টোটোর এই বাড়বাড়ন্ত বলে বাস মালিক সমিতির অভিযোগ। এদিন ব্লক অফিসে এই বৈঠক হয়। বৈঠকে বাস মালিক সমিতি বিভিন্ন দাবি তুলে ধরে। বাস মালিক সমিতি প্রশাসনের কাছে দাবি করেছে, টোটো-অটোর জন্য আলাদা স্ট্যান্ড করার। নির্দিষ্ট রুটে অটো-টোটো চালানোর পাশাপাশি নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
সমিতির সভাপতি সাধন বিশ্বাস বলেন, আমরা আমাদের দাবি বৈঠকে জানিয়েছি। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা অটো-টোটো মুক্ত রাখতে হবে। এটা সবার জন্য ভালো। ধারাবাহিকভাবে এদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।
তেহট্ট-২ ব্লকের বিডিও ধ্রুবাঙ্কুর ঠাকুর বলেন, কথা হয়েছে। সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। টোটো ও অটো চালকরা বলেন, বাসের সঙ্গে আমাদের কোনও বিবাদ নেই। সংসার চালানোর জন্য আমরা টোটো-আটো চালাই। নিয়ম মেনেই আমরা চলি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ