Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে সাদা পোশাকে বাইকে টহল পুলিসের

অশোকনগরে সাদা পোশাকে বাইকে টহল পুলিসের
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রকমারি থিম ও আলোর জাদুতে সেজে উঠেছে অশোকনগর। শহর বাসিন্দাদের কাছে পরিচিত শহর যেন কিছুটা অপরিচিত হয়ে উঠেছে। অশোকনগরের হরিপুর মোড় থেকে দেবীনগরের বাইপাস মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে ১৯টি বড় বাজেটের পুজো হয়। মণ্ডপ সংলগ্ন মাঠে বসে মেলা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
Advertisement
পুজো ও মেলা চলবে ১৪ তারিখ পর্যন্ত। এই সময়ে ভিড় সামলাতে আগেভাগে সতর্ক পুলিস। হরিপুর মোড় থেকে দেবীনগর বাইপাস মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা রোজ বিকেল চারটে থেকে পরের দিন ভোর তিনটে পর্যন্ত নো-এন্ট্রি করার সিদ্ধান্ত নিয়েছে অশোকনগর থানার পুলিস। অত্যধিক ভিড়ের কারণে গাড়ির বদলে বাইক চড়েই নিরাপত্তায় নজরদারি করা হবে বলে পুলিস জানিয়েছে। এছাড়াও দর্শনার্থীদের কথা মাথায় রেখে দুটি পয়েন্টে দু’টি বায়ো টয়লেটের রাখছে পুলিস। নতুন করে গুরুত্বপূর্ণ ৩০টি জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।
এছাড়া উইনার্স টিম, পিঙ্ক মোবাইল ভ্যানের সঙ্গে মহিলা নিরাপত্তার জন্য ড্রোন উড়িয়েও নজরদারি চালাবে অশোকনগর থানা। করা হচ্ছে একাধিক পুলিসি সহায়তা কেন্দ্র। এনিয়ে অশোকনগর থানার পুলিস জানিয়েছে, সাদা পোশাকে পুলিস বাইকে করে টহল দেবে। নো এন্ট্রি জোনে আমরা গাড়ি নিয়ে প্রবেশ করব না। এর ফলে মানুষের সুবিধা হবে এবং নিরাপত্তার দিকটিতেও আমরা বাড়তি নজর দিতে পারব।
সম্পর্কিত সংবাদ