Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফর্মেশন গড়ায় জোর দিচ্ছেন অস্কার

বুধবার সকালে নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সে ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সহজেই জিতল ইস্ট বেঙ্গল। অস্কার ব্রুজোঁ ব্রিগেডের পক্ষে খেলার ফল ৪-২। জোড়া গোল মিগুয়েলের।

ফর্মেশন গড়ায় জোর দিচ্ছেন অস্কার
  • ৩১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সকালে নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সে ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সহজেই জিতল ইস্ট বেঙ্গল। অস্কার ব্রুজোঁ ব্রিগেডের পক্ষে খেলার ফল ৪-২। জোড়া গোল মিগুয়েলের। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন দিয়ামানতাকোস ও হামিদ। মাত্র একদিন দলের সঙ্গে অনুশীলন করেই ম্যাচ খেলতে নেমে বেশ নজর কাড়লেন হামিদ ও সিবলে। আসলে ডুরান্ড কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ কোচ ব্রুজোঁ। ইতিমধ্যেই পূর্ণশক্তির দল হাতে পেয়ে গিয়েছেন তিনি। তাই ফিটনেস বাড়ানোর পাশাপাশি ফর্মেশন তৈরির কাজও শুরু করে দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। 

Advertisement

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে আই লিগ দ্বিতীয় ডিভিশনের দল সাউথ ইউনাইটেডকে ৫ গোলের মালা পরিয়েছিল ইস্ট বেঙ্গল। আগামী বুধবার তাদের প্রতিপক্ষ নামধারী এফসি। তার আগে চূড়ান্ত রণকৌশল পাকা করে ফেলতে চাইছেন কোচ ব্রুজোঁ। তাই এদিনের প্রস্তুতি ম্যাচে সব ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন স্প্যানিশ হেডস্যার। ভবানীপুরের বিরুদ্ধে চার বিদেশি সাউল, মিগুয়েল, রশিদ ও দিয়ামানতাকোসকে প্রথম একাদশে রেখে দল নামিয়েছিলেন কোচ ব্রুজোঁ। প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মশাল বাহিনী। বিরতির পর মাঠে নামেন সিবলে ও হামিদ। দলের সঙ্গে পরে যোগ দেওয়ায় তাঁদের ফিটনেস সমস্যা রয়েছে। এদিন রক্ষণের ফর্মেশন নিয়েও কাজ করলেন লাল-হলুদ কোচ। মার্তণ্ডের সঙ্গে আনোয়ারকে স্টপারে শুরু করলেও পাঞ্জাব ডিফেন্ডারকে দীর্ঘক্ষণ  উইং-ব্যাক পজিশনেও খেলালেন তিনি। পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সে গুরসিমরতকেও তৈরি রাখছেন ব্রুজোঁ। প্রস্ততি ম্যাচে দল চার গোলে জিতলেও ফিটনেসে আরও উন্নতি করতে হবে বলে ধারণা স্প্যানিশ কোচের।    

Advertisement
সম্পর্কিত সংবাদ