নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলায় বিভিন্ন দোকান ও স্টলের খাবার খেয়ে অনেক তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ব্যবহার ও পোড়া তেলে রান্না করার কারণে এমন বিপত্তি ঘটেছিল বলে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। এবার গঙ্গাসাগর মেলায় এমন পরিস্থিতি এড়াতে স্পটে দাঁড়িয়ে খাবার পরীক্ষা করার ব্যবস্থা হয়েছে। রিপোর্ট মিলবে তখনই। এই প্রথম এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে একটি ভ্রাম্যমাণ খাবার পরীক্ষা করার গাড়ি রাখা হবে। নমুনা পরীক্ষা করে সঙ্গে সঙ্গে রিপোর্ট তৈরি করবেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, ‘পুণ্যার্থীদের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবার এই স্বাস্থ্য জেলায় নতুন ফুড সেফটি অন হুইলস নামক গাড়ি দেওয়া হয়েছে।’ এদিকে,এবারও সাগর মেলাকে কেন্দ্র করে মোট পাঁচটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটি থাকছে গঙ্গাসাগর এবং বাকি চারটি কচুবেড়িয়াতে। শতাধিক চিকিৎসকও মেলায় থাকবেন।



