


প্রাচ্যের কায়দায় ল্যাম্ব রান্না করুন। অল্প উপকরণে সুস্বাদু পদগুলো বানাতে পারবেন সহজেই। রেসিপি জানালেন কিমলি রেস্তরাঁর কর্ণধার পায়েল বসু।
শ্রেডেড ল্যাম্ব
উপকরণ: বোনলেস ল্যাম্ব সরু ফালি করে কাটা ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩৫ গ্রাম, শুকনো লঙ্কা বাটা ২৫ গ্রাম, গোটা শুকনো লঙ্কা ২টো, তেল ২০ মিলি, ময়দা ১০ গ্রাম, অ্যারারুট পাউডার ১০ গ্রাম, নুন স্বাদ মতো, চিনি ৫ গ্রাম।
পদ্ধতি: সামান্য নুন জলে ল্যাম্ব নরম করে সেদ্ধ করে নিন। এবার তা ঠান্ডা হতে দিন। তারপর তাতে ময়দার কোটিং লাগিয়ে দিন। হালকা করে কোট করবেন। কড়াইতে তেল গরম করে ময়দায় কোট করা ল্যাম্ব ভেজে নিন। সোনালি মুচমুচে করে ভেজে তুলে রাখুন। স্যস তৈরির জন্য ওই একই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে গরম করে নিন। তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিন। লালচে করে ভেজে শুকনো লঙ্কা বাটা দিয়ে নাড়ুন। অল্প জল দিয়ে নুন ও মিষ্টি দিন। তারপর ফুটিয়ে নিয়ে অ্যারারুট পাউডার জলে গুলে মিশিয়ে দিন। সবটা একসঙ্গে নেড়ে নিন। গ্রেভি ঘন হলে তাতে ল্যাম্ব দিয়ে ঢিমে আঁচে খানিকক্ষণ রান্না হতে দিন। ল্যাম্ব গ্রেভিতে মিশে গেলে এবং বাড়তি জল টেনে শুকনো হলে নামিয়ে নিন।
অয়েস্টার ল্যাম্ব
উপকরণ: সরু ফালি করে কাটা ল্যাম্ব ২০০ গ্রাম, অয়েস্টার স্যস ২০ মিলি, রসুন কুচি ১০ গ্রাম, লঙ্কা বাটা ১০ গ্রাম, লাল, হলুদ, সবুজ বেলপেপার টুকরো ২৫ গ্রাম, তেল ২০ মিলি, নুন স্বাদ মতো।
পদ্ধতি: একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে ল্যাম্ব দিয়ে কড়া আঁচে ভেজে নিন। তারপর তেল ঝরিয়ে তুলে আলাদা করে রেখে দিন। ওই তেলেই রসুন কুচি দিয়ে ভাজুন। তাতে লঙ্কা বাটা দিন। একটু কষিয়ে নিন। তারপর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে নাড়তে থাকুন। নুন দিয়ে মিশিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে একটুক্ষণ রাখুন। তারপর ভাজা ল্যাম্ব যোগ করুন ও অল্প জল দিন। এরপর আবারও ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। বেশ খানিকক্ষণ এইভাবে রেখে দিন, যাতে ল্যাম্ব সেদ্ধ হয়। ইতিমধ্যে অয়েস্টার স্যস ও সামান্য জল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ ল্যাম্বের কড়াইতে ঢেলে মিশিয়ে নিন। প্রয়োজনে নুন ও মিষ্টি যোগ করুন। ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করুন। অয়েস্টার স্যসে ল্যাম্ব মিশে গেলে নামিয়ে পরিবেশন করুন।
কাংকস কিউ ল্যাম্ব
উপকরণ: বোনলেস ল্যাম্ব ২০০ গ্রাম, লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাপ টুকরো করে কাটা ৩০ গ্রাম, স্লাইস করে কাটা পেঁয়াজ ১০ গ্রাম, রসুন কুচি ১০ গ্রাম, শুকনো লঙ্কা বাটা ১৫ গ্রাম, টম ইয়াম পেস্ট ১৫ গ্রাম, অ্যারারুট পাউডার ১০ গ্রাম, তেল ২০ মিলি, নুন স্বাদ মতো।
পদ্ধতি: অল্প তেল, নুন ও শুকনো লঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে ল্যাম্ব ম্যারিনেট করে রেখে দিন অন্তত আধ ঘণ্টা। কড়াইতে তেল গরম করে নিন। তাতে রসুন কুচি ভেজে নিন। তারপর স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভাজুন। এর মধ্যে ম্যারিনেট করা ল্যাম্ব দিয়ে ভাজতে থাকুন। একটু ভাজা ভাজা হলে টম ইয়াম পেস্ট দিন। খানিকক্ষণ নেড়ে তাতে নুন দিয়ে কষিয়ে নিন। এরপর ক্যাপসিকাম দিয়ে দিন। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন। তারপর ঢিমে আঁচে রান্না হতে দিন। ল্যাম্ব সেদ্ধ হলে ঢাকা খুলে অ্যারারুট পাউডার জলে গুলে মিশিয়ে দিন। গ্রেভি ঘন হলে নামিয়ে নিন।