বৈধ ভোটারদের নাম তালিকায় না উঠলে স্থগিত হোক পুরভোট, কমিশনকে স্মারকলিপিতে এক সুর বিরোধী শিবিরের
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ে আরও কাছাকাছি এল মমতা তৃণমূল, কংগ্রেস, সিপিএম, লিবারেশন এবং বিভিন্ন নাগরিক মঞ্চ। পুরভোট পরিচালনার দায়িত্বে থাকা রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সৌগত রায়, শুভঙ্কর সরকার, শমীক লাহিড়ী, জহর সরকার প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনদের পক্ষ থেকে একযোগে দাবি করা হয়েছে, পুরসভা নির্বাচনে সমস্ত বৈধ ভোটারের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। কমিশন তা না করতে পারলে পুরসভা ভোট স্থগিত রাখা হোক। এই প্রেক্ষাপটে আগামী ৩০ অক্টোবর নির্বাচন কমিশন অভিযানের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। কলেজ স্ট্রিট বা হিন্দ সিনেমার সামনে জমায়েত হবে। সেখান থেকে মিছিল করে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে যাবেন কংগ্রেস নেতারা। এই কর্মসূচিতে অন্যান্য দল এবং সাধারণ মানুষকে শামিল হওয়ার আবেদন জানানো হয়েছে। 

Advertisement

বস্তুত, পুরভোট নিয়ে বাংলার রাজনৈতিক আবহ ক্রমশ সরগরম হচ্ছে। উত্তাপ বাড়ছে প্রতিদিন। কে কার সঙ্গে জোট বাঁধবে, কে একা লড়াই করবে, কোন দল কতগুলি ওয়ার্ডে প্রার্থী দিতে পারবে, এসব নিয়ে চলছে জোর চর্চা। এই আবহে রাজ্য নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। শুধু তাই নয়, ভোটাধিকারের প্রশ্নে সমাজের বিশিষ্ট নাগরিক এবং কয়েকটি নাগরিক মঞ্চকে এক জায়গায় এনেছে তারা। কিছুদিনের মধ্যে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। তারপর ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুরসভার ভোট হবে বলে আলোচনা চলছে। সোমবার রাজ্য নির্বাচনে কমিশনে জমা দেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মমতা তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ সৌগত রায়, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ী, সিপিআই(এমএল) লিবারেশনের পলিট ব্যুরো সদস্য পার্থ ঘোষ, প্রাক্তন সাংসদ ও ভারত সরকারের প্রাক্তন সচিব জহর সরকার, সংগ্রামী গণমঞ্চের পীযূষ রায়, নাগরিক সমন্বয় মঞ্চের সামসুর মল্লিক, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এবং ভারত জোড়ো অভিযানের নেত্রী বর্ণালী মুখোপাধ্যায়।
এই স্মারকলিপি নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কলকাতা পুরসভা এলাকায় প্রায় ১.২ লক্ষ এবং হাওড়া পুরসভা এলাকায় প্রায় ৩৯ হাজার ভোটারের তালিকায় নাম ফেরানোর আবেদন ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে। এঁদের সবার নাম ভোটার তালিকায় তোলা হোক। বৈধ ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার সব ব্যবস্থা নির্বাচন কমিশনকেই করতে হবে। না হলে পুরসভা ভোট স্থগিত রাখুক কমিশন।’ স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইবুনালগুলিতে যাঁদের আবেদন বিচারাধীন রয়েছে, তাঁদের সবার নাম সংশ্লিষ্ট পুরসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
  প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় এসআইআর প্রক্রিয়া অগণতান্ত্রিক বলে অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি বিরোধী দলগুলি। পুরসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তাদের একজোট হওয়া রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।