Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধবিরতির পক্ষে সওয়াল বিরোধী দলনেতার, গাজায় ত্রাণের লাইনে গুলি ইজরায়েলি সেনার, মৃত ২৫

ফের প্যালেস্তাইনের নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। মঙ্গলবার গাজায় ত্রাণের লাইনে দাঁড়িয়েছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ড্রোন ও কামান থেকে তাঁদের উপর গুলি চালায় ইজরায়েলি বাহিনী।

যুদ্ধবিরতির পক্ষে সওয়াল বিরোধী দলনেতার, গাজায় ত্রাণের লাইনে গুলি ইজরায়েলি সেনার, মৃত ২৫
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০

গাজা: ফের প্যালেস্তাইনের নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। মঙ্গলবার গাজায় ত্রাণের লাইনে দাঁড়িয়েছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ড্রোন ও কামান থেকে তাঁদের উপর গুলি চালায় ইজরায়েলি বাহিনী। এই নৃশংস হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও ১৪৬ । তাদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক। 

Advertisement

জানা যাচ্ছে, গাজার সাহাহ-আল-দিন সড়কে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন একদল উদ্বাস্তু। এর খুব কাছেই গাজাকে বিভক্ত করা ইজরায়েলি সেনার ইস্ট-ওয়েস্ট নেটজারিম করিডর। মঙ্গলবার সেখানে ত্রাণ ভর্তি ট্রাক আসতেই হুড়োহুড়ি পড়ে যায় উদ্বাস্তুদের মধ্যে। কয়েকজন সেনাবাহিনীর দিকে এগিয়ে যান। তখনই গুলি চালায় ইজরায়েলি বাহিনী। আহমেদ হালাওয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘ড্রোন ও কামান থেকে গুলি চালাচ্ছিল ইজরায়েলের সেনা। আমরা কোনওক্রমে পালিয়ে বাঁচি। বহু লোক আহত ও নিহত হয়েছেন।’ আবু শাহাদা নামের আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘প্রথম থেকেই ড্রোনের নজরদারি ছিল। বিশৃঙ্খলার জেরে মানুষ করিডরের এগিয়ে গেলেই গুলি চালাতে শুরু করে ইজরায়েলি বাহিনী।’ যদিও ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, ঘটনার আগে তারা শূন্যে গুলি চালিয়ে সতর্ক করেছিল ত্রাণ সংগ্রহকারীদের। ঘটনার পর আহতদের নিকটবর্তী আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৪৬ জন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের মধ্যে ৬২ জনকে সেন্ট্রাল গাজার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এদিকে সোমবারই ইরান ও ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এবার এবার হামাসের সঙ্গেও যুদ্ধবিরতির পক্ষে জোরদার সওয়াল ইজরায়েলের অন্দরেই। সেদেশের বিরোধী দলনেতা ইয়ার ল্যাপিড এক বিবৃতিতে বলেছেন, ‘এবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা উচিত। বন্দিদের ফিরিয়ে দিতে হবে। ইজরায়েলকে পুনর্নির্মাণ করতে হবে।’ ইজরায়েলের ডেমোক্রাট নেতা ইয়ার গোলানও যুদ্ধবিরতি ও বন্দি প্রত্যর্পণের পক্ষে সওয়াল করেছেন। প্রসঙ্গত,  ইজরায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত ৫৬ হাজারের বেশি প্যালেস্তাইনের নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। মৃতদের মধ্যে অর্ধেকের বেশিই নারী ও শিশু। আহত ১ লক্ষ ৩১ হাজারেরও বেশি মানুষ।

সম্পর্কিত সংবাদ