


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও—এই স্লোগানকে সামনে রেখে মৌলালি যুবকেন্দ্রে বিরোধী দলের নেতারা একজোট হলেন। কংগ্রেস, সিপিএম, সিপিআই(এমএল) লিবারেশনের নেতারা এক যোগে বৃহত্তর ঐক্য গড়ার ডাক দিলেন। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি-আরএসএসকে একযোগে আক্রমণ করলেন। কংগ্রেসের যুব নেতা কানাইয়া কুমার বললেন, ‘সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিদেশের মাটিতে আমাদের দেশের কথা তুলে ধরছেন। আর আমাদের দেশে ঘুরে ঘুরে সেই রাজনৈতিক দলের নিন্দা করছেন প্রধানমন্ত্রী।’
সোমবার মৌলালি যুব কেন্দ্রে দর্শকদের ভিড় উপচে পড়েছিল। এদিনের কনভেনশনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই (এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, কংগ্রেস নেতা কানাইয়া কুমার, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি, সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন সহ আরও অনেকে। বিরোধী দলের নেতাদের মুখে এদিন একজোট হওয়ার কথা ফুটে ওঠে। কানাইয়া আরও বলেন, ‘জয় শাহর বাবা (অমিত শাহ) বাংলায় এসে অনুপ্রবেশকারীদের কথা বলে গেলেন। কিন্তু সে সমস্যার কথা তো আপনার কাছে জানতে চাওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘হিন্দুদের, মহিলাদের, সংবিধানকে আমাদের বিজেপির হাত থেকে বাঁচাতে হবে।’ লিবারেশনের সাধারণ সম্পাদক ঐক্যের কথা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। বড় ঐক্য দরকার। এই লড়াইয়ের চাহিদা বুঝতে হবে।’ তিনি বাংলার জন্য তৃতীয় বিকল্পর কথাও বলেন। সিপিএম রাজ্য সম্পাদক সেলিমও বিরোধী ঐক্যতেই শান দেওয়ার কথা বলেন। ছবি: পিটিআই