Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরোয়া লিগে প্রতিপক্ষ কালীঘাট এমএস, আজ আপফ্রন্টের দুর্বলতা ঢাকাই চ্যালেঞ্জ ডেগির মোহন বাগানের

আগামী শনিবার ঘরোয়া লিগের ডার্বিতে মাঠে নামবে মোহন বাগান।

ঘরোয়া লিগে প্রতিপক্ষ কালীঘাট এমএস, আজ আপফ্রন্টের দুর্বলতা ঢাকাই চ্যালেঞ্জ ডেগির মোহন বাগানের
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: আগামী শনিবার ঘরোয়া লিগের ডার্বিতে মাঠে নামবে মোহন বাগান। তার আগে বুধবার কল্যাণী স্টেডিয়ামে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কালীঘাট মিলন সঙ্ঘ। এই ম্যাচকেই ডার্বির ড্রেস রিহার্সাল হিসেবে বেছে নিয়েছেন মোহন বাগান কোচ ডেগি কার্ডোজো। গত ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ঘুমপাড়ানি ফুটবল খেলে ড্র করেছে পালতোলা নৌকা বাহিনী। লিগের ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। তাই বড় ম্যাচের আগে কালীঘাট এমএসকে হারিয়ে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের। 

Advertisement

মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ফুটবলারদের ঘণ্টাখানেকের অনুশীলন করালেন ডেগি। প্রস্তুতিতে সেটপিসের উপরেই জোর দিয়েছিলেন বাগান কোচ। তবে মিনিট কুড়ির সিচুয়েশন প্র্যাকটিসে দলের সব ফুটবলারদের পরখ করেন তিনি। কার্ড সমস্যায় এই ম্যাচেও মাঠে নামতে পারবেন না সালাউদ্দিন। এদিকে, এদিন অনুশীলনে এলেও ফিজিওর তত্ত্বাবধানে গা ঘামালেন গ্লেন মার্টিন ও কিয়ান নাসিরি। দলের সঙ্গে কিছুক্ষণ প্র্যাকটিস করেই টাচলাইনের বাইরে গেলেন সুহেল ভাট। তবে অনুশীলনে অনুপস্থিত দীপ্যেন্দু বিশ্বাস। প্রস্তুতি শেষে কোচ ডেগি বলেন, ‘সিনিয়র দলের চার ফুটবলার এখনও ম্যাচ ফিট নয়। তাই রিহ্যাব করছে ওরা। ডার্বিতে ওদের খেলানো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত বুধবারের ম্যাচ নিয়ে ভাবছি। খেলার আগে প্রথম একাদশ বেছে নেব।’ উল্লেখ্য, মোহন বাগানের আপফ্রন্টে দুর্বলতা রয়েছে। আর তা কাটানোর জন্যই  কিয়ান ও সুহেলকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তবে কালীঘাটের বিরুদ্ধে তাঁরা মাঠে না নামলে ফের মুশকিলে পড়তে পারে সবুজ-মেরুন ব্রিগেড। 
প্রতিপক্ষ কালীঘাট ৪ ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি। দু’টি ড্র ও দু’টি হারে তাদের পয়েন্ট দুই। তাই মোহন বাগানের বিরুদ্ধে রক্ষণ জমাট রাখাই লক্ষ্য কোচ দীপঙ্কর বিশ্বাসের। তাঁর মন্তব্য, ‘মোহন বাগান বড় দল। তাই ওদের বিরুদ্ধে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পয়েন্ট নষ্ট করা চলবে না।’
এদিকে, ২৪ জুলাই শুরু হচ্ছে মোহন বাগানের ডুরান্ড কাপের প্রস্তুতি। আপাতত বিদেশিদের ছাড়াই মহড়া সারবেন মনবীর-লিস্টনরা। পাশাপাশি গত মরশুমের বর্ষসেরা ফুটবল নির্বাচিত হয়েছেন আপুইয়া। সুভাষ ভৌমিক পুরস্কার (সেরা স্ট্রাইকার) পাচ্ছেন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। সেরা যুব ফুটবলারের পুরস্কার উঠবে দীপ্যেন্দু বিশ্বাসের হাতে। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জিকে দেওয়া হবে জীবনকৃতি সম্মান। ২৯ জুলাই মোহন বাগান দিবসের মঞ্চে সকলকে সম্মান জানাবেন ক্লাব কর্তারা।
 কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সরাসরি সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ