Bartaman Logo
১৭ জুন, ২০২৬

মহারাষ্ট্রে অপারেশন লোটাস! উদ্ধবপন্থী এমপিদের প্রত্যেককে ১৫ কোটি টাকা? মুখ্যমন্ত্রী ফড়নবিশের নাম করে অভিযোগ রাউতের

উদ্ধবের শিবসেনায় ৭ সাংসদ ও ১৬ বিধায়কের দল ছাড়ার সম্ভাবনা। রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, ১৯ জুনের প্রতিষ্ঠা দিবসে নজর। বিস্তারিত পড়ুন।

মহারাষ্ট্রে অপারেশন লোটাস! উদ্ধবপন্থী এমপিদের প্রত্যেককে ১৫ কোটি টাকা?  মুখ্যমন্ত্রী ফড়নবিশের নাম করে অভিযোগ রাউতের
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আপ, তৃণমূলের পর ভাঙনের ইঙ্গিত স্পষ্ট শিবসেনায়(উদ্ধ্বব)। সূত্রের খবর, শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল ছাড়বেন। ভাঙনের জল্পনার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে রাউত লিখেছেন, শিবির বদলের জন্য আজ রাতেই মহারাষ্ট্রের সাংসদদের প্রত্যেককে ১৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। পোস্টটিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ‘ট্যাগ’ করেন তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, বিজেপির বিরুদ্ধেই ফের উদ্ধবের দল ভাঙার অভিযোগ তুলেছেন রাউত। এজন্য সরাসরি ফড়নবিশকেই দায়ী করেছেন তিনি। সেকারণেই  পোস্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাম জুড়ে দিয়েছেন। 

Advertisement

সূত্রের খবর, উদ্ধব শিবিরের ন’জন সাংসদের মধ্যে অন্তত সাতজন দিল্লিতে এনডিএ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সম্প্রতি উদ্ধবের ডাকা বৈঠকেও অনুপস্থিত ছিলেন দলের ৫ সাংসদ। দলের দাবি, এঁরা অনলাইনে যোগ দিয়েছিলেন। উদ্ধ্বব শিবিরের সঙ্গেই রয়েছেন। বৈঠকে অনুপস্থিত সাংসদদের মধ্যে ভাউসাহেব ওয়াকছাউরে মঙ্গলবার জানিয়েছেন, তিনি এখনও উদ্ধবের সঙ্গেই রয়েছেন। তাতেও দলবদলের জল্পনা কাটেনি। কারণ তিনিই বলেছেন— ‘আগামী কালের কথা এখন জিজ্ঞেস করবেন না।’ মঙ্গলবার রাউতও সমাজমাধ্যমে লিখেছেন, ‘ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শিব কুণ্ডুর সঙ্গে পরিচিত হোন। তৃণমূল কংগ্রেসের ২২ জন সাংসদ আনুষ্ঠানিকভাবে তাঁর দলে জুড়েছেন! মনে হচ্ছে, মহারাষ্ট্রের দলত্যাগীদেরও নিজেদের বাঁচাতে এমন একজনকে খুঁজতে হবে।’  এদিকে, রবিবার দলের সাংসদদের সঙ্গে বৈঠকে ২০২২ সালের শিবসেনা ভাঙনের প্রসঙ্গে উদ্ধ্বব বলেন, বিদ্রোহের আভাস তিনি আগেই পেয়েছিলেন। কিন্তু কাউকে দলে থেকে যাওয়ার জন্য চাপ দেননি। যারা বাল থ্যাকারের গড়া শিবসেনা ছেড়ে গিয়েছেন, একদিন তাঁরা নিজেদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন। এখন সব নজর আগামী ১৯ জুনের দিকে। সেদিন শিবসেনার ৬০তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে মুম্বইয়ে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে শক্তিপ্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন উদ্ধ্বব। তার আগেই বড়োসড়ো ভাঙনের ইঙ্গিত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ