বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযান অব্যাহত। উপত্যকায় চলছে অপারেশন অখাল। রবিবার তৃতীয় দিনে পড়েছে এই অভিযান। এদিনও দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের দফায় দফায় গুলির লড়াই চলেছে। তাতে মৃত্যু হয়েছে আরও তিন জঙ্গির। জখম হয়েছেন এক জওয়ানও। শনিবার আরও তিন জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী। সবমিলিয়ে এই অভিযানে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। সেনার চিনার কোর জানিয়েছে, অখল খুলসান অরণ্যের বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার থেকে শুরু হয়েছে অপারেশন অখাল। তার ভিত্তিতে তল্লাশি শুরু হয়। কোণঠাসা হতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন নিকেশ তিন জঙ্গি লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য।



