নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বার্ষিক মূল্যায়নে যে সমস্ত পঞ্চায়েত উত্তীর্ণ হতে পারেনি, সেগুলিকে নিয়ে চিন্তায় পঞ্চায়েত দপ্তর। কীভাবে তাদের কাজের মানোন্নয়ন সম্ভব, তা নিয়ে দপ্তর কাটাছেঁড়া শুরু করেছে। অনুত্তীর্ণ পঞ্চায়েতগুলি কীভাবে আরও সক্রিয় হতে পারে, উন্নয়নমূলক কাজ করতে পারে, তা সংশ্লিষ্ট জেলার কাছে জানতে চাইল দপ্তর। জেলাগুলিকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে। সেই রিপোর্ট পর্যালোচনা করার পর তা কার্যকর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আধিকারিকরা।
Advertisement
জানা গিয়েছে, পঞ্চায়েত দপ্তরের মূল্যায়নে অনুত্তীর্ণ গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দু’হাজারের বেশি। সাতটি বিভাগেকোজের মূল্যায়ন করেছে দপ্তর। তাতে নিজস্ব আয় বৃদ্ধি করতে না পারায় ফেল করেছে ৬০০’র বেশি পঞ্চায়েত। বাকিদের ক্ষেত্রে রয়েছে অন্যান্য কারণ। এত সংখ্যক পঞ্চায়েত উত্তীর্ণ না হওয়ায় উদ্বিগ্ন দপ্তরের আধিকারিকরা। এইসব পঞ্চায়েতকে বিভিন্নভাবে সাহায্য করতে প্রস্তুত দপ্তর। কিন্তু তার আগে পঞ্চায়েতগুলি থেকে সমস্যার সমাধানের উপায় জানতে চাইছেন দপ্তরের কর্তারা। তাঁরা বলছেন, এইসব পিছিয়ে থাকা পঞ্চায়েত আগামী দিনে যাতে ভালো ফল করতে পারে, তারজন্য দপ্তর সাহায্য করবে। তবে ভালো ফল পরে, আগে তো পাশ মার্ক পেতে হবে! আয় বৃদ্ধির বিষয়ে অনেক গ্রাম পঞ্চায়েতের গা-ছাড়া মনোভাব রয়েছে। সূত্রের খবর, আগামী দিনে পঞ্চায়েত স্তরে প্রশিক্ষণ শিবির হবে, সেখানে মূল্যায়নের বিষয়টি নিয়ে বিশদে আলোচনা করবেন দপ্তরের আধিকারিকরা।



