নয়াদিল্লি: বিরোধী শাসিত কোনও রাজ্যে ভোট এলেই তুঙ্গে ওঠে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা। বিরোধীদের দাবি, নিজেদের রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে মোদি সরকার। এজন্য ইডি-সিবিআই-আয়কর বিভাগকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। তাদের আরও দাবি, অপরাধ নয়, বিরোধীদের দমনেই কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে। এরইমধ্যে জানা গিয়েছে, ২০১৪ সালের জুন মাস থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট ৬ হাজার ৩১২টি মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু এর মধ্যে মাত্র ১২০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিনহার প্রশ্নের উত্তরে সোমবার সংসদে এই তথ্য জানিয়েছেন মোদি সরকারের মন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাহলে বাকি মামলাগুলির কী হল? সেগুলি কি শুধুই বিরোধীদের ভয় দেখিয়ে চুপ করানোর ষড়যন্ত্র? সরকারি ওই তথ্য বিরোধীদের অভিযোগকে আরও মজবুত করল বলে মনে করা হচ্ছে। এব্যাপারে কংগ্রেস বলেছে, নরেন্দ্র মোদি ইডিকে নিজের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। এটি সরাসরি গণতন্ত্রের উপর হামলা। শত্রুঘ্নর প্রশ্ন ছিল, জুন ২০১৪ থেকে ১ নভেম্বর ২০২৫ সালের মধ্যে কতগুলি মামলা করেছে ইডি? কতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে? সেই প্রশ্নের উত্তরেই অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য পেশ করেছেন।



