নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকল্পের কাজকর্মের উপর অনলাইনে নজরদারি ব্যবস্থা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই কাজের জন্য ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইউপিএমএস) পোর্টাল ইতিমধ্যে চালু করেছে তারা। রাজ্য অর্থদপ্তর বিভিন্ন সময়ে নির্দেশিকা জারি করে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ দপ্তর ছাড়াও কেএমডিএ এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে এই পোর্টালের আওতায় এনেছে। অর্থদপ্তর জানিয়েছে, এইসব দপ্তর ও সংস্থার সমস্ত প্রকল্পের প্রক্রিয়া পর্ব এপ্রিল থেকে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে করতে হবে। অফলাইনে কোনও প্রকল্প গ্রহণ করা হবে না। কোনও প্রকল্পের সূচনা থেকে শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পোর্টালের মাধ্যমে নজরদারি করা হবে। এই ব্যবস্থায় প্রকল্পের দ্রুত রূপায়ণ এবং কোনও অনিয়ম হলে তা চিহ্নিত করার সুবিধা হবে বলে মনে করেন সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে অবসরপ্রাপ্ত এই আধিকারিক জানান, নজরদারির অভাবে বাম সরকারের আমলে বহু প্রকল্প মুখ থুবড়ে পড়ত। যেসব দপ্তরকে পোর্টালের আওতায় আনা হয়েছে তারাই অধিকাংশ জনস্বার্থ সংক্রান্ত প্রকল্পগুলি চালায়।



