Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অনলাইন গেম: মিলল রাষ্ট্রপতির অনুমোদন, বলবৎ নতুন আইন

অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপার্জন নিষিদ্ধ হল দেশে। লোকসভা, রাজ্যসভার পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেল ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’।

অনলাইন গেম: মিলল রাষ্ট্রপতির অনুমোদন, বলবৎ নতুন আইন
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপার্জন নিষিদ্ধ হল দেশে। লোকসভা, রাজ্যসভার পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেল ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’। শুক্রবার এই বিলে সই করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ওই বিলটি আইনে পরিণত হল। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেই দেশজুড়ে একাধিক মানি গেমিং প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে। তালিকায় রয়েছে ‘ড্রিম ১১’, ‘এমপিএল’, ‘প্রবো’, ‘এ২৩ রামি’, ‘উইনজো’, ‘জুপি’র মতো একাধিক প্ল্যাটফর্ম। তবে সমস্ত অনলাইন গেমকে নিষিদ্ধ করা হয়নি। টাকার বিনিময়ে যে অনলাইন গেমগুলি খেলতে হয়, সেগুলির উপরেই নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রের এই নতুন আইন অনুযায়ী, আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে যে সমস্ত অ্যাপ বা অনলাইন সংস্থা অর্থলগ্নি করতে বলবে, তাদের পরিচালক ও মালিকদের তিন বছরের জেল বা ১ কোটি টাকা জরিমানা, অথবা দু’টোই হবে। অনলাইন গেমের প্রচারে যুক্ত থাকলে বিজ্ঞাপনদাতা, মডেল, সংবাদমাধ্যম সকলের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কোনও ব্যক্তি যদি অনলাইন গেমে অর্থ লগ্নি করেন, তাঁকেও শাস্তির মুখে পড়তে হবে। এই ধরনের মানি অনলাইন গেমিং যুবসমাজের জন্য ক্ষতিকারক। তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই সমস্ত প্ল্যাটফর্মে প্রায় ৪৫ কোটি মানুষ ২০ হাজার কোটি টাকার বেশি খুইয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘নতুন আইন টাকার বিনিময়ে অনলাইন গেমিংয়ের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে।’ এই আইনের ফলে ৩২ হাজার কোটি টাকার অনলাইন গেমিং শিল্প জোর ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা। ২০ হাজার চাকরির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞ মহলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ