Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর এলাকাগুলির পুকুরপাড়ে বসানো হবে এক লক্ষ চারাগাছ

শহর এলাকায় ক্রমশ কমছে পুকুরের সংখ্যা। তাই জলাশয় সংরক্ষণ এবং সবুজায়নের স্বার্থে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার।

পুর এলাকাগুলির পুকুরপাড়ে বসানো হবে এক লক্ষ চারাগাছ
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর এলাকায় ক্রমশ কমছে পুকুরের সংখ্যা। তাই জলাশয় সংরক্ষণ এবং সবুজায়নের স্বার্থে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। ১২৮টি পুরসভা এলাকার পুকুরপাড়ে মোট এক লক্ষ গাছ লাগানো শুরু করেছে তারা। আম, জাম, কাঁঠাল, নারকেল সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ১৪ হাজার মহিলাকে। রাজ্যের এই উদ্যোগ বাস্তবায়িত করতে খরচ হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। এই টাকার ৭৫ শতাংশই মহিলারা পাবেন পারিশ্রমিক বাবদ। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি পুরসভাকে বর্ষার মধ্যেই গাছ লাগানোর কাজ যাতে শেষ করার উদ্যোগ নিতে বলা হয়েছে। গাছের চারা বসানোর পরে যাতে চুরি বা নষ্ট না হয়ে যায়, তা নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছর এই গাছের দেখাশোনার ভার থাকবে এই মহিলাদের উপরেই। প্রশাসন সূত্রে খবর, ‘অম্রুত’ প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, জাতীয় স্তরে এই কাজে সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে এ রাজ্যেই সর্বাধিক এক লক্ষ গাছের চারা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের পরিকল্পনার বিচারে সব থেকে উপরে রয়েছে পশ্চিমবঙ্গ। আর এক্ষেত্রে প্রথম দশটি শহর এলাকা বা পুরসভার মধ্যে আটটিই পশ্চিমবঙ্গের। ডায়মন্ডহারবার ছাড়াও তালিকায় রয়েছে মধ্যমগ্রাম, উত্তর দমদম, ইংলিশবাজার, কোচবিহার, জঙ্গিপুর, দমদম ও বাঁশবেড়িয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ