ফিরদৌস হাসান, শ্রীনগর: পূর্ণ রাজ্যের তকমা ফেরত ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাংবিধানিক অধিকার—এই জোড়া দাবি আদায়ে পথে নামছে ন্যাশনাল কনফারেন্স। জম্মু ও কাশ্মীরের শাসক দল আগামী ২০ জুলাই রাজধানী দিল্লির বুকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার যন্তর মন্তরে হবে ওই বিক্ষোভ সমাবেশ। ওমর আবদুল্লার দলের ওই কর্মসূচিকে সমর্থন করেছে কংগ্রেস। দীর্ঘদিন ধরেই দু’টি দাবি নিয়ে সরব ন্যাশনাল কনফারেন্স। কিন্তু, মোদি সরকারের তরফে সদর্থক কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ। তাই এবার উপত্যকার সীমানা ছাড়িয়ে রাজধানীর বুকে সরব হতে চলেছে তারা। এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, আপাতত আমরা কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি পাইনি। অপেক্ষা করছি। সেইসঙ্গে বিকল্প পরিকল্পনাও তৈরি রাখছি। অনুমতি না মিললেও যন্তর মন্তরেই কর্মসূচি হবে বলে সাফ জানিয়েছেন দলের চেয়ারপার্সন। তাঁর কথায়, ‘১৯ জুলাই দলের নেতা-কর্মীদের দিল্লিতে পৌঁছে যেতে বলা হয়েছে। যাই হোক না কেন, আমরা সেখানে যাব, প্রতিবাদ করব।’



