সংবাদদাতা, তারকেশ্বর: অলঙ্কার সহ হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করল জাঙ্গিপাড়া থানার পুলিস। সোমবার সকাল দশটা নাগাদ জাঙ্গিপাড়া থানার বোমনগর নিবাসী সোমা মালিক তাঁর পাঁচ বছরের মেয়েকে নিয়ে থানায় আসেন। তিনি অভিযোগ করেন, বাপের বাড়ি যাওয়ার সময় জাঙ্গিপাড়া বাজার এলাকায় তাঁর ব্যাগটি টোটোতে ফেলে নেমে পড়েন। ব্যাগের মধ্যে ছিল সোনার গয়না। অনেক খোঁজাখুঁজির পরও পাননি ব্যাগটি। আতঙ্কিত হয়ে তিনি তড়িঘড়ি চলে আসেন জাঙ্গিপাড়া থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জাঙ্গিপাড়া থানার পুলিস। এলাকার সিসি ক্যামেরার মাধ্যমে দুই ঘণ্টার মধ্যেই খোয়া যাওয়া গয়নার ব্যাগের সন্ধান মেলে। তাতে আনুমানিক দুই লক্ষ টাকার সোনার গয়না ছিল। জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয় সোমাদেবীকে।



