নয়াদিল্লি: মাঝে আর মাত্র ১০ দিন। আগামী ১৫ আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তোলন করবেন জাতীয় পতাকা। তার আগে লালকেল্লা চত্বরে রোজ নিয়ম করে নিরাপত্তা সংক্রান্ত মহড়া চালাচ্ছে দিল্লি পুলিস। তারই অঙ্গ হিসেবে পর্যটকের ছদ্মবেশে সাধারণ পোশাকে ‘ডামি’ বোমা নিয়ে ভিতরে ঢুকেছিলেন খোদ পুলিসকর্মীরাই। কিন্তু সেখানে প্রহরার দায়িত্বে থাকা পুলিসকর্মীরা তা ধরতেই পারলেন না। ফলে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাত কর্মীকে সাসপেন্ড করল দিল্লি পুলিস। আর এরই মধ্যে লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা করায় পাঁচ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবারের এই ঘটনায় ধৃতদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার হয়েছে। দিল্লি পুলিস জানিয়েছে, ধৃতরা প্রত্যেকেই বেআইনি অভিবাসী। বয়স ২০ থেকে ২৫ বছর। দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল এই ধৃতরা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



