Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিস, ধুন্ধুমার কাণ্ড স্বরূপনগরে

অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিস, ধুন্ধুমার কাণ্ড স্বরূপনগরে
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল ছেলে। টাকা দিতে অস্বীকার করায় প্রথমে মাকে বেধড়ক মার। বাধা দিলে পরিবারের অন্যান্য সদস্যকেও মারধর করে সে। এক প্রতিবেশীর উপরেও চড়াও হয়। পুলিস এসে অভিযুক্তকে পাকড়াও করতে গেলে আক্রান্ত হয় তারাও। বাঁশ দিয়ে পুলিসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সোমবার সকালে স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের ধোকরা গ্রামের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ভূদেব মণ্ডল প্রায় প্রতিদিন নেশা করার জন্য মায়ের কাছে টাকা চাইত। সোমবার মা তাকে না বলায় রুদ্রমূর্তি ধরে সে। মা, বউদি ও বাবাকে মারধর করে। হইচই শুনে প্রতিবেশী এক যুবক রাস্তায় বেরিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর স্থানীয় লোকজনই স্বরূপনগর থানায় খবর দেয়। পুলিস এসে ভূদেবকে ধরতে গেলে সে সটান ছাদে উঠে পড়ে। পুলিস সেখানে উঠলে শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। তার মধ্যেই এক পুলিসকর্মীকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় ভূদেব। গুরুতর জখম হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এরপর বিশাল পুলিশবাহিনী এসে কোনওরকমে ভূদেবকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। তবে কাজটি মোটেও সহজে হয়নি। রীতিমতো ফিল্মি কায়দায় ফাঁদ পাতে পুলিস। কারণ, বাড়ির ছাদে টুপি পরে হাতে লাঠি নিয়ে মারমুখী মেজাজে দাঁড়িয়েছিল ভূদেব। পুলিস একটু এগলেই লাঠি নিয়ে তেড়ে যাচ্ছিল। তিন-চারজন পুলিসকর্মী কিছুতেই তাকে বাগে আনতে পারছিলেন না। তখন উল্টোদিক থেকে এক পুলিসকর্মী অন্য ছাদ বেয়ে উপরে ওঠেন। তারপর একলাফে পিছন থেকে তাকে ধরে ফেলেন। তখনও পালানোর একটা চেষ্টা করেছিল সে। কিন্তু ব্যর্থ হয়। তাতেও হাল না ছেড়ে শেষ চেষ্টা হিসেবে ওই পুলিসকে নিয়েই সে ঝাঁপ দেয় পাশের একটি টালির চালার উপর। 
স্থানীয় বাসিন্দা অষ্টমী মণ্ডল, গুরুদাস মণ্ডলরা বলেন ‘একেবারে অবাক করার মতো ঘটনা। নাটকীয় পরিস্থিতি।’ বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘ঘটনা জানার পর পুলিস গিয়ে অভিযুক্তকে প্রথমে আটক করে। এক পুলিসকর্মী জখম হয়েছেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
সম্পর্কিত সংবাদ