Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন জেল

অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন জেল
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন স্বামী অজয় মুখোপাধ্যায়। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আবির চট্টোপাধ্যায় ওই আদেশ দিয়েছেন। বিচারক সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের হাজতবাসের নির্দেশও দেন। এদিন রায়দানের আগে হত্যাকারী বিচারকের কাছে কম সাজার পক্ষে সওয়াল করেন। কিন্তু সরকারি কৌঁসুলি সুধীনকুমার জানা তাতে জোরালো আপত্তি জানান। তিনি বিচারককে বলেন, অপরাধী ঠান্ডা মাথায় যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই তার কড়া সাজাই কাম্য। এরপরই বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনান। রায়দানের পর কোর্টের লকআপে নিয়ে যাওয়ার পথে অজয়কে এই রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, জীবনটাই বৃথা গেল। ঘর সংসার করা হল না। যার সঙ্গে সম্পর্ক ছিল, তাকেও পেলাম না। একবারের জন্যও সে কোর্টে এল না আমার খোঁজখবর নিতে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে ১১ জানুয়ারি রাতে হত্যাকাণ্ডটি ঘটে মানিকতলা থানার মুরারিপুকুর রোডে।
Advertisement
সম্পর্কিত সংবাদ