নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কলেজগুলিতে ভর্তির পোর্টাল এখনও চলছে। এমন অভিযোগ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে বলেছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এদিনই এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরিহারাদের একাংশ। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি গ্রহণ করেছেন। ১ জুলাই এই মামলার শুনানি রয়েছে। এই মামলায় আইনজীবী শামীম আহমেদের অভিযোগ, যোগ্য ও অযোগ্য প্রার্থীর মধ্যে আলাদা করে বিভাজন করা নেই। এসএসসি দ্বিতীয় এসএলএসটির রুলের তিন নম্বর ধারা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। যাঁরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করছেন না তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন। যোগ্যদের বয়সজনিত ছাড়ের সুবিধা উল্লেখ করা হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘সুপ্রিম কোর্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে। সিঙ্গল বেঞ্চ তাতে কোনও পরিবর্তন আনতে পারে না। ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো নিয়ে আদালত কোনও ভাবনাচিন্তা করছে না।’



