Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে সাড়ে ৮৭ হাজার পড়ুয়াকে ওয়েসিস, শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপ

আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা চালাতে জলপাইগুড়িতে সাড়ে ৮৭ হাজার পড়ুয়াকে স্কলারশিপ

জলপাইগুড়িতে সাড়ে ৮৭ হাজার পড়ুয়াকে ওয়েসিস, শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপ
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা চালাতে জলপাইগুড়িতে সাড়ে ৮৭ হাজার পড়ুয়াকে স্কলারশিপ। রাজ্য সরকারের আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে ওয়েসিস, শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ পাচ্ছে তারা। সেইসঙ্গে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে নিখরচায় হস্টেলে থেকে পড়াশোনা চালাতে পারে, রাজ্যের তরফে তারও ব্যবস্থা করা হয়েছে। 

Advertisement

জলপাইগুড়ি জেলায় বর্তমানে এ ধরনের ১৮টি হস্টেল চলছে। আরো একটি হস্টেল শীঘ্রই চালু হওয়ার কথা। হস্টেলে খাওয়াদাওয়া বাবদ পড়ুয়াদের প্রতিমাসে ১৮০০ টাকা করে খরচ জোগাচ্ছে রাজ্য। এনিয়ে রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা শিখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে রাজ্য সরকার সচেষ্ট। হাজার হাজার ছাত্রছাত্রী স্কলারশিপ পাচ্ছে। বহু পড়ুয়া হস্টেলে থেকে পড়াশোনা করছে। তাদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করছে রাজ্য। অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের জলপাইগুড়ি জেলার প্রকল্প আধিকারিক প্রবীণ লামা বলেন, পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে দ্রুত যাতে তা খতিয়ে দেখে তাদের স্কলারশিপের ব্যবস্থা করা যায়, সবসময় আমাদের সেই চেষ্টা থাকে।
তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্ষেত্রে রয়েছে শিক্ষাশ্রী স্কলারশিপ। পারিবারিক আয় বছরে আড়াই লক্ষের কম হলে ওই দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বছরে মিলবে ৮০০ টাকা। 
অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় চলতি বছর এসসি সম্প্রদায়ের ৪২ হাজার ৩১২ পড়ুয়া এবং এসটি সম্প্রদায়ের ৮ হাজার ৫৯২ জন শিক্ষাশ্রী স্কলারশিপ পাচ্ছে। ওবিসি সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টমের পড়ুয়াদের জন্য রয়েছে মেধাশ্রী স্কলারশিপ। এক্ষেত্রেও বছরে পাওয়া যায় ৮০০ টাকা। জলপাইগুড়ি জেলায় চলতি বছর মেধাশ্রী স্কলারশিপ পাচ্ছে ৪ হাজার ৬৩৮ জন।
এছাড়াও এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য রয়েছে অনলাইন অ্যাপলিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ বা ওয়েসিস। এক্ষেত্রেও পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষের কম হলে ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পা        রবে। চলতি বছর জলপাইগুড়ি জেলায় একাদশ থেকে পরবর্তী ধাপে পাঠরত এসসি সম্প্রদায়ের ১৬ হাজার ৩৫৮ জন, এসটি সম্প্রদায়ের ২ হাজার ৬১ জন এবং ওবিসি সম্প্রদায়ের ৮৩৯ জন পড়ুয়া ওয়েসিস স্কলারশিপ পাচ্ছেন। এছাড়া নবম ও দশম শ্রেণিতে পাঠরত ওয়েসিস স্কলারশিপ পাচ্ছে, জলপাইগুড়ি জেলায় এমন সংখ্যা এসসি সম্প্রদায়ের ১১ হাজার ৩৬১ জন, এসটি সম্প্রদায়ের ৯১২ জন এবং ওবিসি সম্প্রদায়ের ৫০২ জন।
মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, শুধু স্কলারশিপ নয়, পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার পর সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নিখরচায় ‘যোগ্যশ্রী’ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার সহ বিভিন্ন এলাকায় চলছে ওই কোচিং সেন্টার।

Advertisement
সম্পর্কিত সংবাদ