Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

নিউটাউনে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বৃহস্পতিবার সকালে নিউটাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক পথচারীর। স্থানীয়দের দাবি, বাড়ি থেকে বেরিয়ে ওই পথচারী চা খেতে যাচ্ছিলেন। পিছন থেকে একটি বেপরোয়া অ্যাপ ক্যাব ধাক্কা মেরে চলে যায়। বেশ কিছুক্ষণ তিনি রাস্তার উপর পড়েছিলেন। তারপর পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সন্তোষ ব্রহ্ম (৫০)। নিউটাউনের আনন্দপল্লি এলাকায় তাঁর বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষবাবু মাটি কাটার কাজ করেন। তাঁর স্ত্রী পরিচারিকা। অভাবের সংসার। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে বাড়ি থেকে বেরিয়ে চা খেতে যেতেন তিনি। এদিনও ঘুম থেকে উঠে হেঁটে যাচ্ছিলেন চায়ের দোকানে। আনন্দপল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিছন থেকে প্রচণ্ড গতিতে আসা একটি অ্যাপ ক্যাব তাঁকে ধাক্কা মারে। তিনি কার্যত উড়ে গিয়ে পড়েন কিছুটা দূরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলেও উপস্থিত লোকজন কেউই তাঁকে উদ্ধারে হাত লাগাননি। উল্টে তাঁরা কৌতূহলবশত উঁকিঝুঁকি দিয়েছেন। প্রাণ দিয়ে এই অমানবিকতার খেসারত দিতে হয়েছে প্রৌঢ়কে।  খবর পেয়ে সন্তোষবাবুর এক প্রতিবেশী ঘটনাস্থলে যান। তিনি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেকের কাছেই অনুরোধ করেন। কিন্তু কেউই এগিয়ে আসেননি। পুলিস আসার পর সন্তোষবাবুকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, বাঁচানো যায়নি। পরিবারের আক্ষেপ, যাঁরা জখম মানুষটাকে দেখছিলেন, তাঁরা হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেতেন মানুষটা।
Advertisement
সম্পর্কিত সংবাদ