নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গত কয়েক মাসে নিউটাউনের বিভিন্ন ব্লক থেকে চুরি গিয়েছিল একাধিক সাইকেল। অবশেষে ওই সাইকেল চুরির কিনারা করল নিউটাউন থানার পুলিস। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। জেরা করে তাঁর কাছ থেকে চুরি যাওয়া আটটি দামি সাইকেল উদ্ধারও করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ভাস্কর বেহেরা। সে আরও কতগুলি সাইকেল চুরি করেছে, কোথায় বিক্রি করে দিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, সাইকেল চুরির অভিযোগ নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ ধরে তদন্ত চলছিল। শনিবার সন্ধ্যার সময় নিউটাউন থানার টহলরত পুলিস হঠাৎ রাস্তার ধারে এক তরুণকে দেখতে পায়। ৩ নম্বর ট্যাঙ্কের কাছে তিনি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ করতেই তিনি একের পর এক সাইকেল চুরির কথা স্বীকার করেন। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁর হেফাজতে থাকা আটটি সাইকেল উদ্ধার করে পুলিস।



