Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটির তৃণমূল কাউন্সিলারের সঙ্গে চুলোচুলি নার্সিং পড়ুয়ার, দর্শক পথচারী

দণ্ড মহোৎসবের কারণে রাস্তায় ভিড় ছিল। সেখানে স্কুটি চালানো নিয়ে আচমকা এক যুবতীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পানিহাটির এক মহিলা কাউন্সিলার। পরে তা নিয়েই দু’জনের চুলোচুলি, মারামারি।

পানিহাটির তৃণমূল কাউন্সিলারের সঙ্গে  চুলোচুলি নার্সিং পড়ুয়ার, দর্শক পথচারী
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দণ্ড মহোৎসবের কারণে রাস্তায় ভিড় ছিল। সেখানে স্কুটি চালানো নিয়ে আচমকা এক যুবতীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পানিহাটির এক মহিলা কাউন্সিলার। পরে তা নিয়েই দু’জনের চুলোচুলি, মারামারি। প্রকাশ্যেই লাথি, চড়, ঘুষি ও রাস্তায় জুজুৎসুর প্যাঁচ—বাদ গেল না না কিছুই। প্রায় চার মিনিট ধরে চলা এই ঘটনার ছবি ক্যামেরা বন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমালোচনার ঝড় শুরু হয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাটাগড়ের বাসিন্দা এক যুবতী ঈশা কর নার্সিং পড়ার সূত্রে কলকাতায় থাকেন। তিনি বাড়িতে এসেছেন। সোমবার বিকেলে নিজের স্কুটিতে চেপে দণ্ড মহোৎসবের মেলা দেখতে গিয়েছিলেন। মেলা দেখা শেষে টি এন ব্যানার্জি রোড ধরে ফিরছিলেন। তাঁর পিছনেই আর একটি স্কুটিতে আসছিলেন শহরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবন্তী রায়। চালকের আসনে ছিলেন কাউন্সিলারের পরিচিত এক যুবক। দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। এই সময় ঈশা রাস্তার বাম দিকে চেপে যান। ওই দিক দিয়েই কাউন্সিলারের স্কুটির চালকও যাওয়ার চেষ্টা করছিলেন। এনিয়ে দুই পক্ষের বচসা শুরু হয়। স্কুটি দাঁড় করিয়ে দু’পক্ষে তুমুল ঝগড়া শুরু হয়। অভিযোগ, তার মাঝেই কাউন্সিলার ঈশাকে গালি দেন। পাল্টা ওই নার্সিং ছাত্রী কাউন্সিলারের ওড়না ধরে টান মারেন। পাল্টা কাউন্সিলার তাঁর গালে সপাটে চড় মারেন। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’জনে। স্থানীয়রা নিরস্ত করতে ব্যর্থ হয়ে পুলিসকে ডেকে আনেন। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে নার্সিং পড়ছে। উনি যে কাউন্সিলার, তা আমার মেয়ে জানে না। রাস্তায় বচসা চলার সময় আচমকা উনি মেয়েকে মারধর করেন। তখনই মেয়ে প্রতিবাদ করে। পুলিস বিষয়টি মিটমাট করার সময় তিনি আবার মেয়েকে চড় মারেন। যদিও শ্রাবন্তী রায় বলেন, ওই মেয়েটি স্কুটিতে ইন্ডিকেটর না দিয়ে আচমকা টার্ন নিয়েছিল। আমার স্কুটির চালক প্রতিবাদ করায় সে গালিগালাজ শুরু করে। আমার ওড়না টানে। তারপর ওই পরিস্থিতি তৈরি হয়। আমাকে গালি দিতেই আমি  চড় মারি। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ