Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন বাইকে ঘুরতে বেরিয়ে লরির চাকায় পিষে মৃত্যু ছাত্রের

নতুন বাইকে ঘুরতে বেরিয়ে লরির চাকায় পিষে মৃত্যু ছাত্রের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: মাকে ভাত দিতে বলে বন্ধু হুমায়ুনের নতুন কেনা বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল শামিম। কিন্তু ফিরে এসে তার আর সেই ভাত খাওয়া হল না। পথে লরির চাকায় পিষে গিয়ে মৃত্যু হল শামিম মণ্ডলের। আহত হয়েছে বন্ধু হুমায়ুন মণ্ডলও। শামিম স্বরূপনগরের বালকি গ্রামের, বালকি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। হুমায়ুনও একই গ্রামের, একই স্কুলের ছাত্র। মৃত ছাত্রের বাড়ি লোকেরা জানিয়েছেন, বালকি স্কুলের কাছেই তরণিপুর থেকে বসিরহাটগামী রাস্তার উপরে কুণ্ডুবাড়ির মোড়ে রাস্তার ধারে রাখা বালিতে হুমায়ুনের বাইকের চাকা স্লিপ করে। বাইকটি একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এরপর ছিটকে পড়ে লরির পিছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামিমের। তার বন্ধু উল্টো দিকে ছিটকে পড়ে। গুরুতর আঘাত লাগলেও প্রাণে বেঁচে  গিয়েছে হুমায়ুন। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে, ঘটনাস্থল থেকে দু’কিলোমিটার দূরে সৈয়দকাটি মোড়ে কুমড়ো ভর্তি লরিটিকে ফেলে রেখে পালিয়ে যান চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ