সংবাদদাতা, রঘুনাথপুর: কথা দিয়ে কথা রাখল নিতুড়িয়া পঞ্চায়েত সমিতি। অবশেষে নিতুড়িয়া ব্লকের সড়বড়ি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত খেদাডাঙা গ্রামের কমিউনিটি হলের সমস্যার সমাধান হতে চলেছে। যা নিয়ে খুশি গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই গ্রামে প্রায় ১৫০টি পরিবার বসবাস করে। গ্রামে নেই কোনও কমিউনিটি হল। তাই উৎসব, অনুষ্ঠান করতে গেলে গ্রামবাসীদের সমস্যায় পড়তে হয়। কোনও অনুষ্ঠান করতে হলে মোটা টাকা খরচ করে প্যান্ডেল করতে হয়। ফলে গরিব গ্রামবাসীরা অসুবিধায় পড়েন। তাই পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রামবাসীরা এলাকায় একটি কমিউনিটি হল তৈরির আবেদন জানিয়েছিলেন। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের ৭ লক্ষ ৩০ হাজার টাকা খরচে গ্রামে কমিউনিটি হল হচ্ছে।
Advertisement
বাসিন্দাদের মধ্যে বৈদ্যনাথ টুডু, রবিদাস টুডু বলেন, কোনও উৎসব, অনুষ্ঠান করতে হলে আমাদের মোটা টাকা খরচ করে প্যান্ডেল করতে হয়। তাই আমরা গ্রামে একটি কমিউনিটি হল করার জন্য আবেদন জানিয়েছিলাম।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুভাষ বাউরি বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রামবাসীরা কমিউনিটি হল নির্মাণের আবেদন জানিয়েছিলেন। আমরা তাঁদের সমস্যার সমাধান করতে চলেছি। একমাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুভাষ বাউরি বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রামবাসীরা কমিউনিটি হল নির্মাণের আবেদন জানিয়েছিলেন। আমরা তাঁদের সমস্যার সমাধান করতে চলেছি। একমাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।