নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: ফের কাউন্সিলারের দাদাগিরি! বাগুইআটির পর এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর স্টেশন রোড। সেখানকার সুব্রত সরকার নামের এক ব্যবসায়ীর দোকানে ঢুকে তাঁকে না পেয়ে তাঁর নাবালক ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক কাউন্সিলারের বিরুদ্ধে। এমনকী গায়ের জোরে ওই দোকান তালাবন্ধও করে দেন তিনি, এমনটাই অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিস। অভিযুক্ত কাউন্সিলারের নাম রঞ্জিত মণ্ডল। তিনি রাজপুর-সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। সূত্রের খবর, জোর করে নরেন্দ্রপুর স্টেশন রোডের ওই সম্পত্তি দখল করতেই হামলা চালিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, স্থানীয় সূত্রে খবর এর আগেও সুব্রতবাবুর উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে ওই কাউন্সিলারের বিরুদ্ধে। গতকাল, বৃহস্পতিবার ফের সুব্রতবাবুর দোকানে হামলা চালান তিনি। যদিও এই হামলার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলার রঞ্জিত মণ্ডল। এমনকী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন তিনি।



