নিজস্ব প্রতিনিধি, বারাসত: শাসনের খড়িবাড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। আক্রান্ত হন শাসন থানার আইসি সহ একাধিক পুলিসকর্মী। ঘটনায় পুলিস নির্দোষ মানুষকে গ্রেপ্তার করছে- এই অভিযোগ তুলে শুক্রবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে শাসন থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনায় মূল দোষীদের গ্রেপ্তার না করে পুলিস নির্দোষদের ধরছে। অভিযুক্তকে না পেয়ে তার বয়স্ক বাবাকেও তুলে নিয়ে আসছে। তবে, পুলিস আমাদের এ নিয়ে আশ্বস্ত করেছে। পুলিসের তরফে জানানো হয়েছে, ঘটনায় যারা জড়িত, চিহ্নিত করে পুলিস তাদের বাড়ি যাচ্ছে। আইন অনুযায়ী সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে।



