Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার কৃষিযন্ত্র কেনার আবেদনও করা যাবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে

এবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে কৃষিযন্ত্র কেনার জন্য আবেদন করতে পারবেন চাষিরা। এছাড়া কৃষিযন্ত্রাদি  ভাড়া দেওয়ার জন্য অনলাইনেও কৃষকরা আবেদন করতে পারবেন।

এবার কৃষিযন্ত্র কেনার আবেদনও করা যাবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে কৃষিযন্ত্র কেনার জন্য আবেদন করতে পারবেন চাষিরা। এছাড়া কৃষিযন্ত্রাদি  ভাড়া দেওয়ার জন্য অনলাইনেও কৃষকরা আবেদন করতে পারবেন। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ছোট যন্ত্রে কৃষকরা ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন।  কিছু ক্ষেত্রে ৮০ শতাংশ ভর্তুকিও রয়েছে। পাওয়ার টিলার, সোলার পাম্প কেনার জন্য কৃষকদের কমপক্ষে ০.৫ একর  কৃষি জমি থাকতে হবে। ৩০ লক্ষ টাকা দামের যন্ত্র কেনার জন্য কৃষকরা ৮০ শতাংশ ভর্তুকি পাবেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহমুদ মণ্ডল বলেন, প্রতিবছরই চাষিদের ভর্তুকিতে যন্ত্র দেওয়া হয়। ছোট হ্যান্ড ট্রাক্টর, পাওয়ার টিলার সহ বিভিন্ন ধরনের যন্ত্র বিপুল ভর্তুকিতে দেওয়া হয়। কৃষি সমবায় বাকি সব গোষ্ঠী কৃষিযন্ত্রাদি ভাড়া দেওয়ার কেন্দ্র তৈরি করতে পারেন। যন্ত্রের সাহায্যে চাষ করে কৃষকরা উপকৃত হচ্ছেন। মেশিনের সাহায্যে দ্রুত ধান কেটে তারা ঝাড়াই বাছাইও করতে পারছেন। এখন আবেদন পত্র নিয়ে অনলাইনে লটারি করা হয়। তাই যে কোনও চাষি আবেদন করলেই যন্ত্রাংশ পেতে পারেন।  পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আগে কৃষকদের অনেকেই অভিযোগ করতেন, কবে যন্ত্রাংশের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে তা তারা জানতে পারেন না। কিন্তু এখন সেই অসুবিধা নেই। গ্রামে ‹আমাদের পাড়া আমাদের সমাধান› চলছে। সেই ক্যাম্পে গিয়ে চাষিরা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছে। এখন ধান রোপণ থেকে কাটা, সবটাই মেশিনের মাধ্যমে করা হয়। যন্ত্র কেনার জন্য চাষিরা মোটা অংকের টাকা ভর্তুকি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে অনেক ছোট চাষি বিভিন্ন ধরনের যন্ত্র কিনতে পারছেন। জেলা পরিষদ থেকে আমরা এবার কৃষকদের বিশেষ জুতো দিয়েছি। জুতো পরে নিশ্চিন্তে চাষিরা মাঠে কাজ করতে পারবেন। কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, এখন কীটনাশক ছড়ানোর জন্য ড্রোন দেওয়া হচ্ছে। অনলাইনে আবেদন করলে সেটাও চাষিরা ভর্তুকিতে পেতে পারেন। দু’ বছর আগেই এই প্রকল্প শুরু হয়েছে। প্রথম দিকে ড্রোন নিয়ে চাষিদের তেমন উৎসাহ ছিল না। কিন্তু এখন অনেকেই তা নিতে আগ্রহ দেখাচ্ছেন। মেমারি-২ ব্লকের মণ্ডলগ্রামের চাষি বাবু চৌধুরী বলেন, এ বছর আমরা ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়িয়েছি। অল্প সময়ে অনেক জমিতেই  কীটনাশক ছড়ানো গিয়েছে। জমিতে নেমে কীটনাশক ছড়াতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেটা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কৃষিদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ‘আমাদের পাড়া আমাদর সমাধান’ ক্যাম্পে নির্দিষ্ট কিছু যন্ত্রের জন্যই আবেদন করা যাবে। বাকি যন্ত্রের জন্য আবেদন অনলাইনে করা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ