নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে নতুন বৃত্তিকরের বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্তর। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মাসিক বেতন, ভাতা প্রাপকদের ২০ হাজার টাকা পর্যন্ত কোনো বৃত্তিকর দিতে হবে না। ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতনে মাসে ১০০ টাকা, ৩০ থেকে ৫০ হাজার টাকা বেতনে ১৪০ টাকা, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা বেতনে ১৭০ টাকা ও ১ লক্ষ টাকার উপর বেতনে ২০৮ টাকা হারে মাসে বৃত্তিকর কাটা হবে। মাসিক বেতনের উপর নতুন বৃত্তিকর কার্যকর হবে আগামী অক্টোবর থেকে। বেতন প্রাপকদের বৃত্তিকর আগের তুলনায় কমছে। এতদিন ১০ হাজার টাকা পর্যন্ত বেতনে কোনো বৃত্তিকর দিতে হত না। এরপর ১৫ হাজার টাকা পর্যন্ত বেতনে ১১০ টাকা, ২৫ হাজার টাকা অবধি বেতনে ১৩০ টাকা, ৪০ হাজার টাকা বেতনে ১৫০ টাকা এবং ৪০ হাজার টাকার উপর বেতনে ২০০ টাকা বৃত্তিকর ছিল। রাজ্য বাজেটে নতুন বৃত্তিকরের ঘোষণা হয়েছিল। এবার তার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হল।



