Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় পোর্টালের জন্য বিজ্ঞপ্তি শীঘ্রই, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্যর, স্নাতকে ভর্তির আবেদন শুরু মুখ্যমন্ত্রীর চূড়ান্ত নির্দেশের পর

আজকালের মধ্যেই প্রকাশিত হবে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল সম্পর্কিত বিজ্ঞপ্তি। বুধবার সাহিত্য অ্যাকাডেমিতে প্রেক্ষাগৃহ এবং বই বিপণির উদ্বোধনে এসে সাংবাদিকদের উত্তরে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

কেন্দ্রীয় পোর্টালের জন্য বিজ্ঞপ্তি  শীঘ্রই, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্যর, স্নাতকে ভর্তির আবেদন শুরু মুখ্যমন্ত্রীর চূড়ান্ত নির্দেশের পর
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজকালের মধ্যেই প্রকাশিত হবে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল সম্পর্কিত বিজ্ঞপ্তি। বুধবার সাহিত্য অ্যাকাডেমিতে প্রেক্ষাগৃহ এবং বই বিপণির উদ্বোধনে এসে সাংবাদিকদের উত্তরে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে, পোর্টাল কবে খোলা হবে, সেই দিনক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই জানাবেন তিনি। তিনি আশ্বাস দেন, ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বেগের কিছু নেই। স্নাতকে ভর্তি নিয়ে যেমন এতদিন অনিশ্চয়তা ছিল, তেমনই ইঞ্জিনিয়ারিংয়ে রাজ্য জয়েন্টের ফল এখনও প্রকাশিত হয়নি। এদিকে, কেন্দ্রীয় জয়েন্টের ফল বেরিয়ে গিয়েছে আগেই। সেক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য কি রাজ্যের মেধাবী পড়ুয়াদের ভিন রাজ্যের কলেজে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়বে? শিক্ষামন্ত্রী সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, গতবছরও কেন্দ্রীয় জয়েন্টের ফল আগে প্রকাশিত হয়েছিল। তা সত্ত্বেও রাজ্যের প্রায় সমস্ত আসনই পূরণ করা গিয়েছিল। ফলে এবারও তার ব্যতিক্রম হবে না বলেই শিক্ষামন্ত্রীর আশা।

Advertisement

এদিকে আজ, বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনে অভিযানের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কে কী করছেন জানি না। তবে, অধিকাংশ প্রার্থীই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষা যথাসময়েই হবে। বুধবারই অবশ্য রাজ্য সরকরের ওবিসি তালিকাকে চ্যালেঞ্জ করে একটি মামলা হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘মামলা নিশ্চয়ই কোনওভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। সরকারকে ভোটে হারানো যাচ্ছে না। তাই কোন কোন জায়গায় সরকারকে বিপদে ফেলা যায়, সেই মানসিকতার বশবর্তী হয়েই মামলা করছেন অনেকে। তবে, বেশিরভাগ মামলাই শেষপর্যন্ত আমরা সুপ্রিম কোর্টে জিতে গিয়েছি।’ শিক্ষামন্ত্রী এও আশা প্রকাশ করেন, ওবিসি জটিলতা কাটার ফলে স্কুলে ভর্তি এবং আটকে থাকা নিয়োগের জটও খুলে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ