Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

১০ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার

ইরানে সংঘাতের মধ্যেই এবার উত্তেজনা এশিয়ার অন্য প্রান্তেও। হঠাত্ করেই জাপান সাগরে লক্ষ্য করে অন্তত দশটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া।

১০ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেজিং: ইরানে সংঘাতের মধ্যেই এবার উত্তেজনা এশিয়ার অন্য প্রান্তেও। হঠাত্ করেই জাপান সাগরে লক্ষ্য করে অন্তত দশটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। এরপরই দক্ষিণ কোরিয়া ও জাপানে ‘হাই-লেভেল অ্যালার্ট’ জারি করা হয়। দক্ষিণ কোরিয়া জানায়, তাদের সেনা সম্পূর্ণ তৈরি রয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপত্কালীন নির্দেশিকা জারি করা হয়।  দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকেই ওই ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণ করা হয়েছিল। জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, মিসাইলগুলি তাদের জলসীমা পেরিয়ে সাগরে আছড়ে পড়ে। বছরভরই কিম জং উনের দেশ মিসাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে থাকে। তবে একসঙ্গে দশটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ নজিরবিহীনই বলে মনে করছে রাজনৈতিক মহল। গত সপ্তাহ থেকে যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। প্রত্যেক বছরেই এই মহড়া হয়। উত্তর কোরিয়া হুঁশিয়ারি দেয়, এর চরম ফল ভুগতে হবে। আর তারপরেই মিসাইল উৎক্ষেপণের মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধে ব্যস্ত আমেরিকা অন্য প্রান্তেও যুদ্ধের জন্য তৈরি কি না, উত্তর কোরিয়া তা পরীক্ষা করে দেখতে পারে বলেও মনে করছেন তাঁরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ