Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল প্রার্থী কোয়েল-মেনকা-রাজীব কুমারদের মনোনয়ন পর্ব মিটল নির্বিঘ্নে, ভুলে ভরা ছিল বিজেপির রাহুল সিনহার নথি

নির্বাচনী নির্ঘণ্ট মেনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের চার ও বিজেপির একজন প্রার্থী।

তৃণমূল প্রার্থী কোয়েল-মেনকা-রাজীব কুমারদের মনোনয়ন পর্ব মিটল নির্বিঘ্নে, ভুলে ভরা ছিল বিজেপির রাহুল সিনহার নথি
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট মেনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের চার ও বিজেপির একজন প্রার্থী। তবে তৃণমূলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্নে মিটলেও, বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে লেগে গিয়েছে দীর্ঘ সময়। বিজেপি প্রার্থীর কাগজপত্র তৈরির কাজের ভুল-ত্রুটি, সুষ্ঠু প্রক্রিয়ায় তাল কেটেছে বলেই খবর।

Advertisement

আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বিধানসভায় এসে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্র্রনাথ দাসের কাছে মনোয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী, রাজীব কুমার ও বাবুল সুপ্রিয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রমুখ। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ তৃণমূলের চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চলচ্চিত্র জগতে অতি পরিচিত মুখ অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি এবার তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে রাজ্যসভায় পা রাখতে চলেছেন। সুদীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরেচলচ্চিত্রজগতে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিং রানে’কে সঙ্গে নিয়েমনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন কোয়েল। অভিনেত্রীকে কাছে পেয়ে সেলফি তুলেছেন বিধানসভার মহিলা কর্মীরা। কোয়েল বলেন, আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি একটি বড় দায়িত্ব। আমি সৌভাগ্যবান দেশের সেবা করার সুযোগ পাচ্ছি।
তাৎপর্যপূর্ণ হল এবারই প্রথম সংসদের উচ্চ কক্ষে যেতে চলেছেন স্বঘোষিত সমকামী মেনকা গুরুস্বামী। মেনকা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও যথেষ্ট প্রসিদ্ধ। পার্টনার অরুন্ধতী কাটজুকে সঙ্গে নিয়ে মেনকা এসেছিলেন রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে। মেনকার কথায়, এটি একটি সম্মানের পদ। একজন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে রাজ্যসভায় কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।
অন্যদিকে পুলিশে থাকাকালীন সুনামের সঙ্গে দায়িত্বভার সামলানোর রেকর্ড রয়েছে রাজীব কুমারের। তিনি এবার রাজ্যসভায় চললেন। বেলা ১১টা নাগাদ সবার আগে বিধানসভায় পৌঁছন রাজীব কুমার। অল্পকথা বলা এবং নিজের কাজের দিকে বেশি মনোযোগী হওয়া— এই ধারনায় বিশ্বাসী রাজীব কুমার। তিনি বলেন, মাদার টেরিজার একটি কথা আমি বলতে চাই। আমি জানি, ঈশ্বর আমাকে এমন কোনো দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। তবে বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব সুষ্ঠুভাবে হয়েছে, তা বলা যাবে না। এদিন সকালেই বিধানসভায় চলে এসেছিলেন রাহুল। বসেছিলেন বিরোধী দলনেতার ঘরে। সেখানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র তৈরিতে রাহুলের দীর্ঘ সময় লেগে যায়। কয়েকটি জায়গায় ভুলভ্রান্তি হয়। ফের সেই কাগজ তৈরি করতে হয়। শেষে পূর্বসূরী শমীক ভট্টাচার্যের মনোনয়নপত্র দেখে নিজের কাগজপত্র পূরণ করেন রাহুল। দুপুর আড়াইটা নাগাদ তিনি মনোনয়নপত্র জনা দেন। রাহুলের সব কাগজপত্র সঠিক রয়েছে কিনা, তা জানা যাবে আজ শুক্রবার স্ক্রুটিনি শেষ হলে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ