Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেই গৃহশিক্ষক, কল্যাণীর সাম্যজ্যোতি জয়েন্টে দ্বিতীয়

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কল্যাণীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস।

নেই গৃহশিক্ষক, কল্যাণীর সাম্যজ্যোতি জয়েন্টে দ্বিতীয়
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কল্যাণীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস। ছোটবেলা থেকেই তাঁর কোনও গৃহশিক্ষক ছিল না। স্কুলের শিক্ষক ও বাবা-মায়ের সহযোগিতায় পড়াশোনা করেই এই সাফল্য পেয়েছেন সাম্যজ্যোতি। বর্তমানে তিনি জেইই অ্যাডভান্স পরীক্ষায় দেশের মধ্যে ৬৩ র‌্যাঙ্ক করে আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে বি-টেকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন। পাশাপাশি, রাজ্য জয়েন্টে দ্বিতীয় হওয়ার সাফল্যে খুশি তাঁর বাবা-মা। বাবা অধ্যাপক জয়ন্ত বিশ্বাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজের বিভাগীয় প্রধান। মা অধ্যাপিকা সোমা বিশ্বাস বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপিকা ছিলেন। একমাত্র ছেলের পড়াশোনায় সহযোগিতা করতে নিজের চাকরি ছাড়েন মা। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন সাম্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো তাঁর অন্যতম পছন্দ। অবসরে মায়ের সঙ্গে গল্প করেও কাটান তিনি। 

Advertisement

আইসিএসইতে দেশে তৃতীয় স্থান অধিকার করেন সাম্যজ্যোতি। পড়াশোনা শেষ করে নিজেকে একজন উদ্যোগপতি হিসেবে দেখতে চান তিনি। নিজের রাজ্যে ফিরে এসে কাজ করার ইচ্ছে রয়েছে। তবে বাবা-মা আক্ষেপ করে বলছেন, ‘জয়েন্টের এই ফলাফল আরও আগে জানা গেলে খুব ভালো হতো। এতে মেধাবী ছাত্রছাত্রীদের রাজ্যের বাইরে পড়াশোনা করতে যেতে হতো না।’ সাম্যর বাবা জয়ন্তবাবু বলেন, ‘আমাদের সকলকে গর্বিত করেছে সাম্য। ও আরও বড় হোক, এটাই আমাদের প্রত্যাশা।’ -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ