গত ১২ মাসে শহিদ হননি কোনো জওয়ান, সাফল্য সিআরপিএফের, এক্স হ্যান্ডলে প্রশংসা প্রধানমন্ত্রী মোদির
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান থেকে দাঙ্গা নিয়ন্ত্রণ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। গত ১২ মাসে অপারেশনের সময় এই বাহিনীর কোনো আধিকারিক বা জওয়ানের প্রাণহানির ঘটনা ঘটেনি। যা একটি মাইলফলক হিসাবেই দেখছেন সেনা আধিকারিকরা। বুধবার সিআরপিএফের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘একটি শূন্য অনেক কথা বলে দেয়। ১২ মাসে অভিযানের সময় একজন জওয়ানও শহিদ হননি। যা ৪৭ বছরে রেকর্ড।’ আগেই এই সাফল্যের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন আধাসামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল জিপি সিং। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ অক্টোবর শেষবার অপারেশন চলাকালীন কোনো সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তার আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৯ জন জওয়ান শহিদ হয়েছিলেন। এক আধিকারিক বলেন, ‘১২ মাসে একজন আধিকারিকের প্রাণহানি না হওয়া নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কথাই তুলে ধরছে। বাহিনী নিজেদের ভুল থেকে শিখেছে। তাই এই রেকর্ডে পৌঁছানো সম্ভব হয়েছে।’

Advertisement