নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিন পাঁচেক রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আবহাওয়া পরিষ্কারই থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে চলে এসেছে। বুধবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল পুরুলিয়ায় (১৭ ডিগ্রি সেলসিয়াস)। বাঁকুড়া, মেদিনীপুর, শ্রীনিকেতন, বর্ধমান প্রভৃতি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গে তরাই-ডুয়ার্স এলাকাতেও সর্বনিম্ন তাপমাত্রা এখন মোটামুটি ২০ ডিগ্রির কম। আবহাওয়াবিদরা বলছেন, ওইসব এলাকায় এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক মাত্রার মধ্যেই আছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে আছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২২.৫ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি ছিল। কলকাতায় মঙ্গলবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রার অল্প ওঠা-নামা এখন চলবে। তাঁদের কথায়, এখন হেমন্তকাল চলছে। এই সময় না-গরম, না-শীত এরকম আবহাওয়া থাকে। সেটাই এখন রয়েছে। ভোরবেলা ও রাতের দিকে খুব হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। বেলা বাড়লে রোদ ওঠার পর বাইরে বেরোলে গরম লাগছে। কিন্তু কিছুদিন আগের সেই অস্বস্তিকর গরম আর নেই। মোটামুটি স্বস্তিদায়ক আবহাওয়া এখন রাজ্যজুড়েই বিদ্যমান। নভেম্বর মাস যত গড়াবে সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যজুড়ে আরও কমে যাবে। জানা গিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি দুর্বল হতে শুরু করেছে।



