Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী ২০ বছরে কেন্দ্রে-রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: শমীক ভট্টাচার্য

তরুণ প্রজন্ম বুঝতে পারছে আগামী কুড়ি বছরের মধ্যে দেশে এবং রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই। কোচবিহারে সেবা জ্যোতি যাত্রা অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আগামী ২০ বছরে কেন্দ্রে-রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: শমীক ভট্টাচার্য
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও শিলিগুড়ি: তরুণ প্রজন্ম বুঝতে পারছে আগামী কুড়ি বছরের মধ্যে দেশে এবং রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই। কোচবিহারে সেবা জ্যোতি যাত্রা অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এই মুহূর্তে বিরোধীদের কাছে কোনো অস্ত্র নেই। নন ইস্যুকে ইস্যু বানিয়ে দীর্ঘদিন রাজনীতি করা যায় না। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা যায় না, বলেন শমীক। 

Advertisement

প্রশাসক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঁচিশ বছর পূর্তিতে সেবা সংকল্প অভিযানের সেবা জ্যোতি যাত্রা উপলক্ষ্যে বুধবার রাসমেলা মাঠে জনসভা করা হয়। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি আরও বলেন, তরুণ প্রজন্মের চাওয়া পাওয়া যিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছেন তিনি নরেন্দ্র মোদি। তিনি বারবার একথা বলছেন যে আধুনিক মানের শিক্ষা চাই। মেক ইন ইন্ডিয়া চাই। তিনি ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে চাইছেন, একত্রিত করতে চাইছেন। যেসব মেধা বাইরে চলে গিয়েছে, সেসব মেধাকে ফিরিয়ে আনতে চাইছেন। স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্ম এতে খুশি। 
সেবা জ্যোতি যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে একদিন আগেই কোচবিহারে এসে পৌঁছন রাজ্য বিজেপির সভাপতি। 
রাসমেলা মাঠের কর্মসূচি শেষে দুপুরে পার্টির জেলা অফিসে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন। দলের কোচবিহার জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বসেন। দলের জেলার সমস্ত মণ্ডল সভাপতি, মোর্চা সভাপতি, বিধায়ক ও রাজ্য কমিটির সদস্যদের নিয়েও বৈঠক করেন তিনি। 
সরকার গঠনের পাঁচ মাসের মধ্যেই বিজেপিতে কোন্দল মাথাচাড়া দিয়েছে। কোন্দলের বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা নিয়ে বিভিন্ন সময় জেলা নেতৃত্বকে সাফাই গাইতেও শোনা গিয়েছে। কোচবিহার জেলা বিজেপির এক পদাধিকারী জানান, সংগঠন যখন বড়ো হয় তখন অনেকেই আসেন। 
প্রবীণদের পক্ষে নবীনদের মানিয়ে নিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দলের রাজ্য সভাপতি। দল সরকার গঠনের পর অনেক বেনোজল ঢুকছে। তাদের প্রতি আমাদের চোখ অবশ্যই আছে। সেই ক্ষেত্রে কেউ কোনো অনিয়ম বেনিয়ম দুর্নীতি অথবা সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও রাজ্য সভাপতি স্পষ্ট করে দিয়েছেন। 
শমীক ভট্টাচার্যের সঙ্গেই এদিনের রাসমেলা মাঠের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এদিকে, ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনা, ক্ষমতা দখল, পুরসভার ওয়ার্ড স্তরে কর্তৃত্ব ফলানো নিয়ে গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়েছে শিলিগুড়িতেও। এমন প্রেক্ষাপটে আজ, বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি। তাতে দলের জেলা নেতৃত্বর পাশাপাশি দুই মন্ত্রী আনন্দময় বর্মন, শংকর ঘোষ ছাড়াও বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, দুর্গা মুর্মু এবং এমপি রাজু বিস্তার থাকার কথা।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ