


ওয়াশিংটন, ৮ আগস্ট: ভারতের উপর অশনি সংকেত! বিশ্ববাজারে কোণঠাসা হচ্ছে নয়াদিল্লি। নয়া শুল্ক নীতি লাগু করার সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক লাগু করা হবে। পরে হুমকির সুরে সেই শুল্কের পরিমাণ বাড়ানোর কথা বলতে থাকেন ট্রাম্প। মূলত রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জন্যই ভারতেক হুমকি দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দু’দিন আগে আর হুমকি নয়। বাস্তবেই ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ, মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। আগামী ২৭ আগস্ট থেকে লাগু হবে সেই নতুন শুল্ক নীতি। যার ফলে বেজায় চাপে পড়েছে নয়াদিল্লি। আমেরিকার এই সিদ্ধান্ত ভারতকে আন্তর্জাতিক স্তরে জোর ধাক্কা দিতে চলেছে। এর মাঝেই আজ, শুক্রবার(স্থানীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বোমা ফাটিয়েছেন।
তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‘এই শুল্কের পরিমাণ বজায় থাকবে, ভারতের সঙ্গে আপাতত আর কোনও বাণিজ্যের বিষয়ে কথা হবে না। যতক্ষণ না পর্যন্ত সবকিছু ঠিক হচ্ছে কোনও আলোচনাই হবে না নয়াদিল্লির সঙ্গে।’ ট্রাম্পের এই বক্তব্যে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। সূত্রের খবর, আজ, শুক্রবার দুপুরেই আমেরিকার শুল্ক নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোয় তা কেনা বন্ধ করে দিয়েছে ওয়ালমার্ট, আমাজন, গ্যাপ। জানা গিয়েছে, আপাতত এই কোম্পানিগুলি কোনও ভারতীয় পণ্য কিনবে না। যার ফলে চাপ বাড়বে ভারতীয় বাজারে। এদিকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোয় ক্ষুব্ধ চীনও। এই কঠিন সময়ে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে বেজিং। চীনের তরফে বলা হয়েছে, ‘শুল্কের অপব্যবহার করা হচ্ছে। স্পষ্ট ও ধারাবাহিকভাবে আমরা এর বিরোধিতা করছি।’