নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি গণেশ উৎসব এবং বিশেষত আসন্ন দুর্গাপুজোকে মাথায় রেখে প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশিকা জারি করল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি)। বলা হয়েছে, এই বছরও যমুনা নদী সহ কোনও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। শুধুমাত্র স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে যেসব জলাশয় তৈরি করে দেওয়া হবে, সেখানেই প্রতিমা বিসর্জন করতে হবে। যমুনা নদীতে পুজোর ফুল, মালাসহ অন্যান্য সামগ্রী ফেলা যাবে না। নিয়মের লঙ্ঘন হলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে অভিযুক্ত পুজো কমিটিকে। এরই পাশাপাশি দুর্গা প্রতিমা শিল্পীদের উদ্দেশেও নির্দেশিকায় বলা হয়েছে, দূষণ সৃষ্টিকারী কোনও উপাদান দিয়ে মূর্তি তৈরি করা যাবে না। যাবতীয় উপাদান হবে পরিবেশবান্ধব।



