Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে বালুরঘাট থেকে শিলিগুড়িগামী সরকারি বাস নেই, যাত্রীমহলে ক্ষোভ

বালুরঘাট থেকে কলকাতা এবং শিলিগুড়িগামী রাতের সরকারি বাস পরিষেবা নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আগে বালুরঘাট থেকে শিলিগুড়ি এবং কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন বাস চালাত।

রাতে বালুরঘাট থেকে শিলিগুড়িগামী সরকারি বাস নেই, যাত্রীমহলে ক্ষোভ
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: বালুরঘাট থেকে কলকাতা এবং শিলিগুড়িগামী রাতের সরকারি বাস পরিষেবা নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আগে বালুরঘাট থেকে শিলিগুড়ি এবং কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন বাস চালাত। কিন্তু সেই পরিষেবা বর্তমানে অতীত। কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার জন্য একমাত্র ভরসা বেসরকারি বাস। বেসরকারি বাসের ভাড়াও নির্দিষ্ট থাকে না। চাহিদা অনুযায়ী বাড়ে-কমে। বালুরঘাট থেকে রাতে সরকারি বাস পরিষেবা না থাকায় সমস্যায় পড়েন দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা। প্রশাসনকে একাধিকবার জানিয়েও রাতে সরকারি বাস পরিষেবা না মেলায় ক্ষুব্ধ যাত্রীরা। নিগমের বালুরঘাট ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী বলেন, বালুরঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত রাতের বাস নেই। তবে সন্ধ্যায় কলকাতাগামী একটি বাস চলে। রাতে বাসের চাহিদা তেমন নেই। তবুও আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নিগমের বোর্ড অব ডিরেক্টর তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, কলকাতা এবং শিলিগুড়িগামী রাত্রিকালীন বাসের চাহিদার কথা কেউ জানায়নি। তবুও আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলব। যাতে এই বাসগুলি চালু করা যায়।

Advertisement

নিগম সূত্রে খবর, বালুরঘাট ডিপো থেকে প্রতিদিন শিলিগুড়ি, কোচবিহার, তুফানগঞ্জ, কলকাতা, দুর্গাপুর, কালনা সহ অন্যান্য রুটে কমপক্ষে ৪০ টি বাস চলে। প্রতিটি বাস দিনে চলাচল করে। সন্ধ্যা সাড়ে ছটায় কলকাতাগামী একটি বাস চলাচল করে। ভোর থেকে সকাল পর্যন্ত ৪-৫ টি বাস শিলিগুড়ির দিকে রওনা দিলেও বেলা বাড়তেই আর বাস পাওয়া যায় না। রাতে শিলিগুড়িগামী বাস নেই। এতে সমস্যায় পড়ছেন শিলিগুড়ি রুটের যাত্রীরা। বাধ্য হয়ে রাতে বেসরকারি বাসে উঠতে হয় যাত্রীদের। বেসরকারি বাসও পর্যাপ্ত নেই বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাজা কুণ্ডু বলেন, আমি একটি ওষুধ কোম্পানিতে কাজ করি। কাজের সূত্রে সপ্তাহে ১ থেকে ২ বার শিলিগুড়ি যেতে হয়। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় খুব সমস্যা হয়। বালুরঘাটের বেসরকারি বাস মালিকরা জানিয়েছেন, শিলিগুড়ির পথে যাত্রীদের চাহিদা থাকলেও বাস না থাকায় প্রত্যেকদিন যাত্রীরা ঘুরে যাচ্ছেন। শিলিগুড়ি রুটে ৮-৯ টি বেসরকারি বাস চলে। চাহিদা বেশি থাকলে বাস ভাড়া দ্বিগুণ হয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ