সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার ভোরে দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল ২২৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। ট্রেনের পার্সেল ভ্যান সহ তিনটি কামরা লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনায় যাত্রীদের ক্ষতি না হলেও ডাউন লাইনের ব্যাপক ক্ষতি হয়। রেল লাইনের ফিসপ্লেট ভেঙে যাওয়া ছাড়াও প্যানড্রল ক্লিপ খুলে বেরিয়ে যায়। শনিবার বিকেলেই লাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। তবে লাইনের ক্ষতি হওয়ায় রবিবার সকাল থেকে জোর কদমে ট্র্যাক সারানোর কাজ শুরু হয়েছে। যাত্রীদের অভিযোগ, ছুটির দিনেও সময় মতো ট্রেন মেলেনি। একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন এদিনও লেটে চলাচল করেছে।
Advertisement
ট্রেন দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিন ও পিছন দিকের কয়েকটি কামরা ডাউন লাইনে থাকলেও বাকি কামরা মিডল লাইনে কীভাবে থাকল বা কীভাবে ডাউন লাইন ক্ষতিগ্রস্থ হল সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। যদিও স্টেশনের আশপাশের বাসিন্দাদের ধারনা, পয়েন্টে বিভ্রাটের ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নলপুর স্টেশন লাগোয়া বাসিন্দা শেখ মহম্মদ সিদ্দিকি জানান, ভোর সাড়ে ৫টা নাগাদ স্টেশন থেকে ঘোষণা করা হয় এক নম্বর লাইন দিয়ে থ্রু ট্রেন যাবে। তার দু’-তিন মিনিট পরেই এই দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, ১ নম্বর লাইন ট্রেন পাস করানোর সিগন্যাল দেওয়া হয়েছিল। তার মতে যেহেতু ট্রেনটিকে ডাউন লাইনে সিগন্যাল দেওয়া হয়েছিল সেই কারণে ২৬ নম্বর পয়েন্টে পয়েন্ট চেঞ্জ হওয়ার কথা। কিন্তু আমাদের সন্দেহ সিগন্যালের সঙ্গে পয়েন্টের মিল না হওয়ায় খুব সম্ভবত ট্রেনটি ডাইন লাইন থেকে মেন লাইনে যাওয়ার ক্রশিংয়ে উঠে গিয়েছিল। কিন্তু পরে চালক বিপদ বুঝতে পেরে ট্রেনের ব্রেক কষতেই এই দুর্ঘটনা। যার জেরে ডাউন লাইনে এত ক্ষতি হয়েছে। অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, বছর ১৫ আগে নলপুরে নন ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছিল। খুব সম্ভবত সেটা ঠিকমতো কাজ না করায় এই বিপত্তি। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।



