Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নকশালবাড়ির হাতিঘিষায় দুর্ঘটনাগ্রস্ত বাস, মৃত এক

নকশালবাড়ির হাতিঘিষায় দুর্ঘটনাগ্রস্ত বাস, মৃত এক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির হাতিঘিষার চানাপট্টিতে ২ নম্বর এশিয়ান হাইওয়েতে সোমবার স্কুটার চালককে বাঁচাতে গিয়ে উল্টে যায় শিলিগুড়ি লোকাল রুটের যাত্রীবাহী মিনিবাস। মৃত্যু হল কন্ডাক্টরের। জখম হন কমবেশি ২০ জন। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৪টে নাগাদ শিলিগুড়ি থেকে খড়িবাড়িগামী লোকাল বাসটি চানাপট্টি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি স্কুটারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারায়। বাসটি দ্রুত গতিতে ছোটায় চালক বেসামাল হয়ে যান। এতে বাসটি রাস্তার উপরই উল্টে যায়। স্কুটার চালকও নিয়ন্ত্রণ হারান। ঘটনাস্থলে বাস কন্ডাক্টার অজয় রায় (২৬) মারা যান। তিনি খড়িবাড়ির অধিকারীর বাসিন্দা ছিলেন। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। 
স্থানীয়রাই উদ্ধার কাজে প্রথমে হাত লাগান। পরে আসে পুলিস। জখম কয়েকজনকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাতজনকে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে রেখে বাকি ছ’জনকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। একজনের চিকিৎসা চলছে নকশালবাড়ি হাসপাতালে। বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কয়েকজনকে নিয়ে যাওয়া হলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়। বর্তমানে মেডিক্যালে ১০ জন যাত্রী ভর্তি আছেন। 
এদিকে, ঘটনার খবর পেয়ে চলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটার চালক বেপরোয়াভাবে ছুটছিল। দুর্ঘটনার পর স্কুটারের চালক ও সাওয়ারি পালিয়ে যায়। নকশালবাড়ি থানার ওসি ওয়াসিম বারি বলেন, দুর্ঘটনাগ্রস্ত বাস ও স্কুটারটি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এশিয়ান হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ