


ওয়াশিংটন, ৫ জুলাই: কথায় আছে কান টানলেই মাথা আসে। সেইমতোই ভাইয়ের বিপদে কী ঝাঁপিয়ে পড়বেন দাদা? সেটা সময় বলবে। কথা হচ্ছে ঋণ খেলাপি করে পলাতক ও আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত নীরব মোদি ও তাঁর ভাই নেহালকে নিয়ে। জানা গিয়েছে আজ, শনিবার আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন নীরবের ভাই নেহাল মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে নেহাল দীপক মোদির নামে। এমনকী পিএনবি জালিয়াতিতে নীরবকে সাহায্য করেছিলেন নেহাল। তিনিই এবার গ্রেপ্তার হয়েছেন মার্কিন প্রশাসনের হাতে।
জানা গিয়েছে, নেহালকে ভারতে প্রত্যর্পণের জন্য মার্কিন প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিল ইডি ও সিবিআই। ভারতের দুই তদন্তকারী সংস্থার অনুরোধের পর নেহালের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তার ভিত্তিতেই ৪ জুলাই(স্থানীয় সময়) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নেহাল বেলজিয়ামের নাগরিক। জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত তিনিও। নীরবের মতোই নেহালকে খুঁজছিল ইডি ও সিবিআই। অবশেষে তাঁর গ্রেপ্তারির খবরে কিছুটা স্বস্তি পেয়েছে ভারতের তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, ইতিমধ্যেই নেহালকে আদালাতে পেশ করে হেফাজতে নিয়েছে মার্কিন তদন্তকারীরা। ভারতের হাতে প্রত্যর্পণের জন্য যাবতীয় প্রক্রিয়াও শুরু করেছে ওয়াশিংটন। তবে আগামী ১৭ জুলাই ফের আদালতে পেশ করতে হবে নেহালকে। সেদিন তাঁর আইনজীবী কোনওভাবে নেহালের জামিন করিয়ে নিলে চাপে পড়বে মার্কিন তদন্তকারীরা। তাই তাঁর জামিনের বিরোধিতা করতে প্রস্তুতি নিচ্ছেন মার্কিন আইনজীবীরা। আর্থিক তছরুপের মামলা ছাড়াও নীরবকে বেআইনি কাজে সাহায্য ও প্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে নেহালের বিরুদ্ধে। তাঁকে হাতে পেলে পিএনবি আর্থিক কেলেঙ্কারি মামলায় বড়সড় সাফল্য পাবে ইডি ও সিবিআই।